প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দিনাজপুর শহরের মহাজনপাড়া মহল্লায় গতকাল সোমবার ভোররাত সাড়ে তিনটার দিকে একটি বাড়ির ওপর দিয়ে টানা বিদ্যুতের ১১ হাজার ভোল্টের তার ছিঁড়ে ঘরের ওপর পড়লে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মেরীজন নেছা (৭৫) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। এ ঘটনায় ওই পরিবারের আরও তিন সদস্য আহত হয় এবং একটি ছাগল মারা গেছে। ঘটনার পর ফায়ার সার্ভিস সদস্যরা আহত ব্যক্তিদের উদ্ধার করে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। আহত ব্যক্তিরা হলেন নিহত মেরীজন নেছার ছেলে আজাদুল ইসলাম (৫৫), তাঁর পুত্রবধূ রশিদা বেগম (৫০) ও নাতনি সাবিনা ইয়াসমিন (২৫)। দিনাজপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা জাকির হোসেন জানান, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।