বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুর সিটি করপোরেশনের ভোগড়া এলাকায় গত মঙ্গলবার রাতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে লিটন মালু (৩০) নামের এক বিদ্যুৎমিস্ত্রি মারা গেছেন। তিনি প্যান এশিয়া নামে স্থানীয় একটি পোশাক কারখানায় কাজ করতেন। তাঁর গ্রামের বাড়ি গোপালগঞ্জে। তিনি ভোগড়া পূর্বপাড়ার মোসলেম উদ্দিনের বাড়িতে ভাড়া ছিলেন। মোসলেম উদ্দিন বলেন, মঙ্গলবার রাত সাড়ে আটটার দিকে লিটন তাঁর ভাড়া বাড়ির কক্ষে বসে সিলিং ফ্যান মেরামত করছিলেন। একপর্যায়ে ফ্যানে খোলা তার দিয়ে সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। গুরুতর আহত অবস্থায় তাঁকে শহীদ তাজউদ্দীন মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। রাত নয়টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।