বিদ্যুৎস্পৃষ্টে শিক্ষার্থীর মৃত্যু স্বাস্থ্য কমপ্লেক্সে ভাঙচুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনীর সোনাগাজীতে গতকাল মঙ্গলবার মোহাম্মদ হাসান ওরফে রুবেল (২৫) নামে বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী বিদ্যুৎস্পৃষ্টে মারা গেছেন। তাঁর স্বজনেরা চিকিৎসকের বিরুদ্ধে কর্তব্যে অবহেলার অভিযোগে দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হামলা ও ভাঙচুর করেন।
মৃত হাসান উপজেলার চরগণেশ গ্রামের কালাজি মাঝি বাড়ির এনামুল হকের ছেলে এবং ঢাকার এশিয়ান ইউনিভার্সিটির বিএসসি ইঞ্জিনিয়ারিং তৃতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।
পুলিশ ও এলাকাবাসীর ভাষ্যমতে, বুধবার (আজ) হাসানের চাচাতো বোনের বিয়ের অনুষ্ঠান। এ উপলক্ষে দুই দিন আগেই তিনি ঢাকা থেকে বাড়ি আসেন। বিয়ে উপলক্ষে বাড়ির সামনের পুকুরে বিদ্যুৎ-সংযোগ দিয়ে ফোয়ারা বসানো হয়। গতকাল দুপুরে ওই ফোয়ারার পাশে একটি মৃত মাছ ভেসে ওঠে। হাসান পুকুরে নেমে ওই মাছটি আনতে গিয়ে সেখানেই বিদ্যুৎস্পৃষ্ট হন। বাড়ির লোকজন মুমূর্ষু অবস্থায় তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
হাসানের ভাই মোহাম্মদ সোহেল সাংবাদিকদের বলেন, হাসপাতাল থেকে রুবেলকে বাড়ি নেওয়ার পর তাঁর শরীর কেঁপে ওঠে। জীবিত মনে করে তাঁকে আবার হাসপাতালে নেওয়া হয়। কিন্তু চিকিৎসকেরা আবারও মৃত ঘোষণা করেন।
চিকিৎসক, কর্মচারী ও প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, দ্বিতীয়বার হাসপাতালে আনার পর হাসানের স্বজনেরা চিকিৎসকের বিরুদ্ধে কর্তব্যে অবহেলার অভিযোগ তুলে হট্টগোল শুরু করেন। একপর্যায়ে তাঁরা স্বাস্থ্য কমপ্লেক্সের দরজা-জানালার কাচ ভাঙচুর করেন।
খবর পেয়ে সোনাগাজী থানার পুলিশ দ্রুত স্বাস্থ্য কমপ্লেক্সে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
সোনাগাজী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা নুরুল আমিন জাহাঙ্গীর বলেন, হাসানকে বাড়ি থেকেই মৃত আনা হয়েছিল। বিদ্যুৎস্পৃষ্টে কোনো ব্যক্তির মারা যাওয়ার কিছুক্ষণ পরও শরীরের কোনো কোনো অংশে সামান্য কম্পন সৃষ্টি হতে পারে। এটা জীবিত থাকার লক্ষণ নয়। তিনি বলেন, মৃত ব্যক্তির স্বজনেরা অন্যায়ভাবে হাসপাতালে ভাঙচুর করেছেন।
সোনাগাজী থানার পরিদর্শক (তদন্ত) মো. মেজবাহ উদ্দিন বিদ্যুৎস্পৃষ্ট শিক্ষার্থীর চিকিৎসায় অবহেলার অভিযোগে স্বজনদের হামলা ও ভাঙচুরের সত্যতা নিশ্চিত করেন।