বিদ্যুৎস্পৃষ্টে শিশুসহ দুজনের মৃত্যু
টাঙ্গাইলের সখীপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক শিশুসহ দুজনের মৃত্যু হয়েছে। গত বৃহস্পতিবার এ দুর্ঘটনা ঘটে। এ ব্যাপারে সখীপুর থানায় দুটি অপমৃত্যুর মামলা হয়েছে।
নিহত ব্যক্তিদের মধ্যে আবদুল্লাহর (৮) বাড়ি উপজেলার ইন্দারজানী ভাতগড়া গ্রামে। সে স্থানীয় আজাহার আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থী ছিল। তার বাবার নাম শামীম আহমেদ। আর ফালু মিয়ার (৬০) বাড়ি বেড়বাড়ি গ্রামে।
সখীপুর থানা সূত্র জানায়, বৃহস্পতিবার সকালে বেড়বাড়ি গ্রামের কৃষক ফালু মিয়া বাড়ির পাশে গরু চরাতে যান। ছিঁড়ে পড়া বিদ্যুতের তারে গরুটি জড়িয়ে যায়। এ সময় গরুটিকে বাঁচাতে গিয়ে ফালু মিয়া বিদ্যুৎস্পৃষ্ট হন। সেখানে তাঁর মৃত্যু হয়।
অন্যদিকে বৃহস্পতিবার বিকেলে ভাতগড়া গ্রামে শিশু আবদুল্লাহ বাড়ির পাশে বেগুনখেতে খেলতে যায়। একপর্যায়ে ছিঁড়ে থাকা বিদ্যুতের তারে জড়িয়ে সে বিদ্যুৎস্পৃষ্ট হয়। গুরুতর অবস্থায় তাকে সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।