বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু

রাজধানীর লালবাগ শহীদনগরে একটি কারখানায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। আজ রোববার বিকেল সাড়ে চারটার দিকে শহীদনগর ২ নম্বর গলির স্টার ফ্যাশন নামে চুড়ি তৈরির কারখানায় এ ঘটনা ঘটে।
নিহত ওই শ্রমিকের নাম ইসমাইল হোসেন (৩৮)। স্ত্রী রিনা ও দুই সন্তানকে নিয়ে ঢাকার কামরাঙ্গীরচর এলাকায় ভাড়া বাসায় থাকতেন তিনি। ইসমাইল নরসিংদী সদর উপজেলার মর্জি মোল্লার ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বিদ্যুৎস্পৃষ্টে ইসমাইল হোসেন অচেতন হয়ে পড়েন। সহকর্মীরা উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বিকেল সাড়ে পাঁচটায় তাঁকে মৃত ঘোষণা করেন।
ইসমাইলের সহকর্মী মো. ফারুক প্রথম আলোকে বলেন, শহীদ নগর ২ নম্বর গলি কারখানায় রোলিং মেশিনে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। পরে তাঁকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (এসআই) বাচ্চু মিয়া প্রথম আলোকে বলেন, নিহত ইসমাইলের লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেলের মর্গে রাখা হয়েছে।