বিদ্যুৎস্পৃষ্টে সৌদিপ্রবাসীর মৃত্যু, বাঁচাতে গিয়ে আহত শ্রমিক
রাজধানীর কদমতলীতে আজ রোববার সকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মঞ্জুরুল আলম (৪৫) নামের এক সৌদিপ্রবাসী মারা গেছেন। তাঁকে বাঁচাতে গিয়ে মো. শাহজাহান (৩৮) নামের এক শ্রমিকও গুরুতর আহত হয়েছেন। শাহজাহান ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন।
শাহজাহানের শ্যালক মো. আরিফ সাংবাদিকদের বলেন, মঞ্জুরুল আলম সৌদি আরব থেকে ছুটিতে দেশে এসেছিলেন। দেশে এসে তিনি নতুন বাড়ি নির্মাণের কাজ শুরু করেন। আজ সকাল ১১টার দিকে কদমতলীর সাদ্দাম মার্কেটের পাশে নির্মাণাধীন বাড়িটিতে রড নিয়ে কাজ করছিলেন। ওই রডের সঙ্গে বৈদ্যুতিক তারের স্পর্শ লাগে। এতে মঞ্জুরুল বিদ্যুৎস্পৃষ্ট হন। তাকে বাঁচাতে গিয়ে শ্রমিক শাহজাহানও বিদ্যুৎস্পৃষ্ট হন। তাঁদের উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক মঞ্জুরুলকে মৃত ঘোষণা করেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের আবাসিক চিকিৎসক পার্থ শংকর পাল বলেন শাহজাহানের শরীরের ৫৫ শতাংশ পুড়ে গেছে। তাঁর চিকিৎসা চলছে।