বিদ্যুৎস্পৃষ্টে স্ত্রীসহ বাংলাদেশ ব্যাংক কর্মকর্তার মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর শাহজাহানপুরে গত সোমবার রাতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বাংলাদেশ ব্যাংকের এক কর্মকর্তা ও তাঁর স্ত্রী নিহত হয়েছেন। নিহত দম্পতির নাম কৃষ্ণ চন্দ্র চন্দ (৪৮) ও শিপ্রা রানী চন্দ্র (৪০)। ঘটনায় আহত হয়েছে দম্পতির ছেলে অর্গ চন্দ্র (১৩)। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, কৃষ্ণ চন্দ্র বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব ব্যাংক ইন্সপেকশনের (ডিবিআই) যুগ্ম পরিচালক ছিলেন। তিনি দুই সন্তান ও স্ত্রী নিয়ে শাহজাহানপুর এলাকার মসজিদ গলির একটি বাড়ির (৯০৬/১, শহীদবাগ) চারতলায় ভাড়া থাকতেন। গত সোমবার রাতে স্ত্রী শিপ্রাকে চিকিৎসার জন্য কাকরাইলের একটি হাসপাতালে নিয়ে যান কৃষ্ণ চন্দ্র। সঙ্গে ছিল ছোট সন্তান অর্গ। রাত সাড়ে ১১টায় বাসার দিকে রওনা দেন তাঁরা। বাড়ির প্রধান ফটক দিয়ে ঢুকতে তিনজনই বিদ্যুৎস্পৃষ্ট হন। গুরুতর তিনজনকে প্রথমে স্থানীয় হাসপাতাল ও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। কর্তব্যরত চিকিৎসক স্বামী-স্ত্রীকে মৃত ঘোষণা করেন। সৌভাগ্যক্রমে বেঁচে যায় সন্তান লিখন।নিহত কৃষ্ণ চন্দ্রের ছোট ভাই উত্তম চন্দ্র চন্দ প্রথম আলোকে বলেন, সাধারণত বৃষ্টি হলে ওই বাড়ির সামনের সড়কে পানি জমে যায়। সোমবার টানা বৃষ্টি হওয়ায় একই পরিস্থিতির সৃষ্টি হয়। এর মধ্যে একটি বৈদ্যুতিক তার ছিঁড়ে বাড়ির প্রধান ফটকের ওপর পড়েছিল। ফটকটি লোহার হওয়ায় বিদ্যুৎ ছড়িয়ে পড়ে। শাহজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুল হক প্রথম আলোকে বলেন, বিদ্যুৎস্পৃষ্টে দম্পতির মৃত্যু হয়েছে বলে নিশ্চিত হওয়া গেছে। আবেদনের পরিপ্রেক্ষিতে লাশ ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় শাহজাহানপুর থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। পারিবারিক সূত্র জানায়, নিহত কৃষ্ণের গ্রামের বাড়ি নারায়ণগঞ্জের আড়াইহাজারে। শিপ্রার গ্রামের বাড়ি গাজীপুরে।