বিদ্যুৎস্পৃস্ট হয়ে দুই গৃহবধূর মৃত্যু
জামালপুর সদর উপজেলায় কাপড় শুকাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই গৃহবধূর মৃত্যু হয়েছে। আজ শুক্রবার দুপুর ১২টার দিকে সদর উপজেলার পাথালিয়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত গৃহবধূরা হলেন পাথালিয়া গ্রামের গেনদা মিয়ার স্ত্রী হাসনা বেগম (৩৮) ও একই গ্রামের বগলা মিয়ার স্ত্রী মরজিনা বেগম (৪৫)।
পুলিশ ও নিহত দুই গৃহবধূর পারিবারিক সূত্র জানায়, আজ দুপুর ১২ টার দিকে গৃহবধূ হাসনা বেগম বাড়ির আঙিনায় কাপড় শুকাতে যান। কাপড় শুকানোর তারের ওপর আগে থেকেই সবার অলক্ষ্যে বিদ্যুতের তার পড়ে ছিল। ওই তারে ভেজা কাপড় দেওয়ার সঙ্গে সঙ্গে হাসনা বেগম বিদ্যুৎস্পৃষ্ট হন। ওই দৃশ্য দেখে প্রতিবেশী মরজিনা বেগম ছুটে আসেন। হাসনাকে বাঁচাতে গিয়ে তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় ওই দুই গৃহবধূকে উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে নিয়ে যান। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাঁদের মৃত ঘোষণা করেন।
জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল আউয়াল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।