বিদ্যুৎস্পৃেষ্ট কর্মচারীর মৃত্যু কার্যালয়ে ভাঙচুর
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে রুহুল আমীন (২৩) নামের বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিউবো) কার্যালয়ের অস্থায়ী এক কর্মচারী বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন। এ ঘটনায় ক্ষুব্ধ এলাকাবাসী ওই কার্যালয় অবরোধ ও ভাঙচুর করেছে। গতকাল বুধবার সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটেছে।
রুহুল উপজেলা সদরের নিজ সরাইল গ্রামের রওশন আলীর ছেলে।
পুলিশ ও স্থানীয় লোকজন জানান, গতকাল সকাল নয়টা থেকে উপজেলার কালীকচ্ছ ইউনিয়নের বিশুতারা গ্রামে বিউবোর সঞ্চালন লাইনে কাজ করছিলেন রুহল আমীন। সকাল পৌনে ১০টার দিকে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিচে পড়ে যান। এ সময় সহযোগীরা তাঁকে উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রেখে পালিয়ে যান। পরে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) নোমান মিয়া বলেন, রুহুল আমীন বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা গেছেন।
রুহুলের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে স্থানীয় ক্ষুব্ধ জনতা বিউবোর কার্যলয়ে জড়ো হতে থাকেন। এ সময় সব কর্মকর্তা-কর্মচারী কার্যালয় খোলা রেখে পালিয়ে যান। ক্ষুব্ধ জনতা কার্যালয়ে হামলা চালিয়ে আসবাব ভাঙচুর করেন। তাঁরা কার্যালয় অবরোধ করে রাখেন। এ সময় ক্ষুব্ধ লোকজন কর্মকর্তা-কর্মাচারীদের বিরুদ্ধে নানা স্লোগান দেন। বেলা সাড়ে ১১টার দিকে সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আরশাদ ও আওয়ামী লীগের নেতা রফিক উদ্দিন ঠাকুর ঘটনাস্থলে পৌঁছে জনতাকে শান্ত করার চেষ্টা করেন। তাঁরা ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনার আশ্বাস দিলে জনতা শান্ত হন। দুপুর ১২টার দিকে পুলিশ কার্যালয়ের নিরাপত্তার জন্য প্রধান ফটকে তালা লাগিয়ে দেয়। গতকাল বিকেল সাড়ে চারটা পর্যন্ত কার্যালয়ে কোনো কর্মকর্তা-কর্মচারী আসেননি।
রুহুলের বড় ভাই জাহীদ হাসান (৩৫) অভিযোগ করে বলেন, ‘বিদ্যুৎ অফিসের কর্মকর্তা কর্মচারীরা পরিকল্পিতভাবে আমার ভাইকে হত্যা করেছে।’
ওসি আলী আরশাদ বলেন, বিদ্যুৎ কার্যালয়ে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। লাশ উদ্ধার করে জেলা সদর হাসপাতালের মর্গে ময়নাতদন্ত সম্পন্ন করা হয়েছে।
বিউবো সরাইলের নির্বাহী প্রকৌশলী সুব্রত রায়ের মুঠোফোনে গতকাল একাধিকবার ফোন করে তা বন্ধ পাওয়া গেছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ এমরান হোসেন বলেন, আগামীকাল বৃহস্পতিবার থেকে ওই কার্যালয়ের সব ধরনের কার্যক্রম শুরু হবে।