বিদ্যুৎহীন ৩০ হাজার গ্রাহক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঝোড়ো হাওয়ায় চট্টগ্রামের আনোয়ারা উপজেলা ও কর্ণফুলী থানা এলাকার বিদ্যুৎ সঞ্চালন লাইন লন্ডভন্ড হয়ে গেছে। এতে ৩০ হাজার গ্রাহক বিদ্যুৎবিহীন অবস্থায় আছে।
পল্লী বিদ্যুৎ সমিতি সূত্র জানায়, রোববার রাত সাড়ে আটটার দিকে বয়ে যাওয়া ঝোড়ো হাওয়ায় আনোয়ারা উপজেলা ও কর্ণফুলী থানার বিদ্যুৎ সঞ্চালন লাইনের ব্যাপক ক্ষতি হয়। ঝড়ে গাছের ডাল ভেঙে ১৩টি ইউনিয়নের বিভিন্ন গ্রামের বিদ্যুৎ সঞ্চালন লাইন ছিঁড়ে যায়। রোববার রাত ছাড়াও গতকাল সোমবার সারা দিন চেষ্টা করেও ক্ষতিগ্রস্ত লাইন চালু করতে পারেননি বিদ্যুৎকর্মীরা। এ সময়ের মধ্যে শুধু আনোয়ারা সদর থেকে চাতরী চৌমুহনী লাইন মেরামত করা সম্ভব হয়।
উপজেলার বটতলী রুস্তমহাট, বন্দর সেন্টার, মালঘর বাজার, সরকারহাট, দোভাষী বাজার, ওয়াহেদ আলী হাটসহ বিভিন্ন এলাকায় বিদ্যুৎ না থাকায় সীমাহীন ভোগান্তিতে পড়েছেন ব্যবসায়ী ও সাধারণ গ্রাহকেরা।
পল্লী বিদ্যুতের আনোয়ারা আঞ্চলিক কার্যালয়ের ডিজিএম আবুল বাশার বলেন, ঝড়ে বিদ্যুৎ সঞ্চালন লাইন ক্ষতিগ্রস্ত হয়েছে। সোমবার সারা দিন কাজ করেও লাইন চালু করা যায়নি।