বিদ্যুৎ-সংযোগ উদ্বোধনের আগে বিদ্যুতেই প্রাণ গেল তাদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার সোনাপুর গ্রামে পল্লী বিদ্যুৎ সমিতি থেকে নতুন বিদ্যুৎ–সংযোগ উদ্বোধনের কথা ছিল আজ শুক্রবার। কিন্তু সেই উদ্বোধনী অনুষ্ঠানের আগে বিদ্যুৎ​স্পৃষ্ট হয়ে প্রাণ গেল দুই শিশুর।

শিশু দুটি হলো উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের সোনাপুর গ্রামের মাহিম আলম (১০) ও সোহাগ হোসেন (৮)। মাহিম স্থানীয় পিয়ারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্র ছিল। সোহাগ স্থানীয় একটি মাদ্রাসায় দ্বিতীয় শ্রেণিতে পড়ত।

পাঁচবিবি থানা-পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, আজ বেলা সোয়া একটার দিকে সোনাপুর গ্রামে পল্লী বিদ্যুৎ সমিতি থেকে নতুন বিদ্যুৎ–সংযোগ দেওয়ার জন্য উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানের জন্য তৈরি লোহা ও কাঠের মঞ্চে উদ্বোধনের আগে জেনারেটরের মাধ্যমে বিদ্যুৎ–সংযোগ দেওয়া হয়। জেনারেটর থেকে মঞ্চটি বিদ্যুতায়িত হয়ে পড়ে। এ সময় সোনাপুর গ্রামের মাহমুদ হোসেনের শিশু ছেলে মাহিম ও আমিনুল ইসলামের ছেলে সোহাগ সেখানে লুকোচুরি খেলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়। বিষয়টি দেখতে পেয়ে লোকজন এসে তাদের উদ্ধার করে পাঁচবিবি মহিপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে স্থানীয় সাংসদ সামছুল আলম মুঠোফোনে প্রথম আলোকে জানান, জুমার নামাজ শেষে তাঁর ওই উদ্বোধনী অনুষ্ঠানে যাওয়ার কথা ছিল। কিন্তু তার আগেই এ দুঃখজনক দুর্ঘটনা ঘটল। এ ঘটনার পেছনে কোনো ষড়যন্ত্র আছে কি না, তা নিয়ে সংশয় প্রকাশ করেন তিনি।
পাঁচবিবি থানার পরিদর্শক কিরণ কুমার রায় জানান, এ ঘটনায় থানায় কোনো অভিযোগ আসেনি। তবে পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে। পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম জানান, দুই শিশুর মৃত্যুর পর বিদ্যুৎ​–সংযোগ উদ্বোধন অনুষ্ঠান স্থগিত করা হয়েছে।