বিদ্যুৎ-গ্যাসের বর্ধিত মূল্য প্রত্যাহার এবং জ্বালানি তেলের মূল্য কমাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বরাবর স্মারকলিপি দিয়েছে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি। গতকাল মঙ্গলবার দলটির ঢাকা মহানগর শাখা ঢাকার জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর এই স্মারকলিপি দেয়।
আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪-দলীয় জোটের শরিক ওয়ার্কার্স পার্টির দেওয়া এই স্মারকলিপিতে বলা হয়, সরকার সম্প্রতি গ্যাস-বিদ্যুৎ-সিএনজির মূল্য বৃদ্ধি করেছে। অপরদিকে আন্তর্জাতিক বাজারে তেলের মূল্য ব্যাপকভাবে হ্রাস পেলেও বাংলাদেশে দাম কমানো হয়নি; যার প্রভাব অর্থনীতির ওপর পড়েছে। বর্তমানে বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম এতটাই বৃদ্ধি পেয়েছে, যা সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার বাইরে চলে গেছে। এসব কারণে সাধারণ মানুষের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। যেকোনো সময় এই ক্ষোভ বিক্ষোভে রূপ নিতে পারে।
স্মারকলিপিতে বিদ্যুৎ-গ্যাসের বর্ধিত মূল্য প্রত্যাহারের পাশাপাশি জ্বালানি তেলসহ নিত্যপণ্যের মূল্য কমানো এবং শিক্ষার বাণিজ্যিকীকরণ বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়।