বিদ্যুৎ-সংযোগ ও কম্পিউটার নেই, আছেন শিক্ষক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পঞ্চগড় জেলার তিনটি মাধ্যমিক বিদ্যালয়ের কম্পিউটার শিক্ষকেরা অবৈধভাবে বেতন-ভাতা তুলছেন বলে অভিযোগ উঠেছে। বিদ্যালয় তিনটি হচ্ছে বোদা উপজেলার ধরধরা, সদর উপজেলার ঝলই নয়নীবরুজ উচ্চবিদ্যালয় এবং দেবীগঞ্জের মল্লিকাদহ বৈদ্যনাথ উচ্চবিদ্যালয়।
শিক্ষা মন্ত্রণালয়ের পরিপত্রে উল্লেখ রয়েছে, যেসব বিদ্যালয়ে বিদ্যুৎ-সংযোগ নেই, সেখানে কম্পিউটার শিক্ষক নিয়োগ দেওয়া যাবে না এবং ওই সব বিদ্যালয় কম্পিউটার শিক্ষকের বেতন-ভাতা পাবেন না।
তবে বিদ্যালয়সংশ্লিষ্ট সূত্র জানায়, মোটা অঙ্কের টাকার বিনিময়ে বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটি কম্পিউটার শিক্ষক নিয়োগ দিয়েছে। আর ঘুষের বিনিময়ে জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বিদ্যালয়ে বিদ্যুৎ-সংযোগ আছে—এমন মিথ্যা প্রতিবেদন পাঠিয়েছেন। ফলে এসব (এমপিওভুক্ত) কম্পিউটার শিক্ষক সরকারি বেতন-ভাতা তুলতে পারছেন।
সদর উপজেলার ঝলই নয়নীবরুজ উচ্চবিদ্যালয়ে গিয়ে দেখা যায়, এ বিদ্যালয়ে কোনো বিদ্যুৎ-সংযোগ নেই। কোথাও কোনো কম্পিউটার নেই। কম্পিউটার শিক্ষক বিশ্বজিৎ সিংহ বিদ্যালয়ে অনুপস্থিত।
প্রধান শিক্ষক আবুল হোসেন জানান, কম্পিউটার শিক্ষক ঠাকুরগাঁওয়ের এক সাংসদের ঘনিষ্ঠজন। ওই শিক্ষকের সরকারি বেতন-ভাতা পেতে সাংসদ ভূমিকা রেখেছেন। ২০১৩ সালের মে মাস থেকে তিনি সরকারি বেতন-ভাতা তুলছেন।
বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি নূরে আলম জানান, সাবেক সভাপতি অবৈধভাবে এই নিয়োগ দিয়েছেন। প্রধান শিক্ষক জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার মাধ্যমে তাঁর সরকারি বেতন-ভাতার ব্যবস্থা করেন।
বোদা উপজেলার ধরধরা উচ্চবিদ্যালয়ে গিয়ে একই চিত্র দেখা গেছে। বিদ্যালয়ের কম্পিউটার শিক্ষক মো. কামালউদ্দিন ২০১৩ সালের মে মাস থেকে সরকারি বেতন-ভাতা তুলছেন। বিদ্যুৎ-সংযোগ ছাড়া নিয়োগ ও সরকারি বেতন-ভাতা কীভাবে পেলেন—এমন প্রশ্নের উত্তরে মো. কামালউদ্দিন বলেন, ‘শিগগিরই বিদ্যালয়ে বিদ্যুৎ-সংযোগ দেওয়া হবে।’ দেবীগঞ্জের মল্লিকাদহ বৈদ্যনাথ উচ্চবিদ্যালয়েও বিদ্যুৎ-সংযোগ নেই। এ বিদ্যালয়ের কম্পিউটার শিক্ষক আজাহারুল ইসলামও একইভাবে বেতন-ভাতা তুলছেন।
পল্লী বিদ্যুতায়ন বোর্ডের (আরইবি) পঞ্চগড় অঞ্চলের উপমহাব্যবস্থাপক (ডিজিএম) মোবাশ্বের হোসেন জানান, ওই তিনটি প্রতিষ্ঠানে আরইবির কোনো বিদ্যুৎ-সংযোগ নেই। ভবিষ্যতে বিদ্যুৎ লাইন সম্প্রসারণ করা হলে সংযোগ দেওয়া হবে।
জেলা শিক্ষা কর্মকর্তা এফ এ আবদুল জব্বার বলেন, ‘বিদ্যালয়ে বিদ্যুৎ-সংযোগ ও বিদ্যালয়ের নামে বিদ্যুৎ বিল ছাড়া কম্পিউটার শিক্ষক নিয়োগ ও সরকারি বেতন-ভাতা পাওয়ার কথা নয়। আমি দায়িত্ব পালনকালে এমন নিয়োগ দেওয়া হয়নি। হয়তো জালিয়াতির মাধ্যমে আমার আগের কর্মকর্তা এটা করেছেন। এমন শিক্ষকের বেতন-ভাতা স্থগিতের জন্য ইতিমধ্যে ওই তিনটি বিদ্যালয়ের প্রধান শিক্ষককে চিঠি দেওয়া হয়েছে। চিঠিতে সাত কর্মদিবসের মধ্যে কম্পিউটার শিক্ষক নিয়োগসংক্রান্ত কাগজপত্র জমা দিতে বলা হয়েছে। এ ছাড়া কম্পিউটার শিক্ষকের বেতন-ভাতা কেন বন্ধ করা হবে না, মর্মে কারণ দর্শাতে বলা হয়েছে।’ তিনি জানান, এ-সংক্রান্ত প্রতিবেদন শিক্ষা অধিদপ্তরে পাঠানো হবে।