বিদ্যুৎ-সংযোগের জন্য সৌর প্যানেল আর বাধ্যতামূলক নয়
নতুন বিদ্যুৎ-সংযোগ পাওয়ার জন্য এখন আর সৌরবিদ্যুতের প্যানেল স্থাপন গ্রাহকের জন্য বাধ্যতামূলক নয়৷ তবে সুবিধাজনক মনে করলে গ্রাহক তা স্থাপন করতে পারেন৷ না হলে সরকারের টেকসই ও নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন (এসআরইডিএ) তহবিলে কিছু অর্থ দিতে পারেন৷
গতকাল সোমবার বিদ্যুৎ বিভাগের এ-সংক্রান্ত সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়৷ এর আগে বিষয়টি নিয়ে করণীয় নির্ধারণে বিদ্যুৎ বিভাগের নীতি সহায়তা সংস্থা—পাওয়ার সেলকে দায়িত্ব দেওয়া হয়েছিল৷ তারা বিদ্যুৎ বিভাগে একটি প্রতিবেদন দিয়েছে৷ এর ভিত্তিতে গতকাল এ সিদ্ধান্ত নেওয়া হয়৷
জানতে চাইলে পাওয়ার সেলের মহাপরিচালক মোহাম্মদ হোসাইন প্রথম আলোকে বলেন, এখন সৌরবিদ্যুতের প্যানেল স্থাপন কিংবা এসআরইডিএ তহবিলে অর্থ প্রদান দুটিই গ্রাহকের জন্য ঐচ্ছিক৷ তবে কোনো গ্রাহক এই তহবিলে অর্থ দিতে চাইলে কোন ক্ষেত্রে কত দেবেন, তা পরে নির্ধারণ করে দেওয়া হবে৷ তিনি বলেন, সরকার প্রথম যখন বিদ্যুৎ-সংযোগের জন্য সৌরবিদ্যুতের প্যানেল স্থাপনের নিয়ম করে তখনো সরকারি আদেশে তা বাধ্যতামূলক উল্লেখ করা হয়নি৷ কিন্তু সরকারের মধ্যকার অতি উৎসাহী কারও কারও উদ্যোগে তা বাধ্যতামূলক হিসেবেই কার্যকর হয়৷
তবে তাতে গ্রাহক কিংবা সরকার কারই কোনো লাভ হয়নি৷ বরং গ্রাহকের কিছু দুর্ভোগ ও অর্থ ব্যয় হয়েছে৷ কিছু লোক নিম্নমানের প্যানেল বিক্রি করে বা ভাড়ায় দিয়ে দুর্নীতি করার সুযোগ পেয়েছেন৷
ঢাকায় সৌরবিদ্যুতের প্যানেল বসিয়ে বিদ্যুৎ-সংযোগ পাওয়া গ্রাহকদের মধ্যে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) অধ্যাপক শহিদুল ইসলাম খান পরিচালিত একটি জরিপে গ্রাহকদের অসন্তুষ্টি ও সৌর প্যানেলের অকার্যকারিতার চিত্র স্পষ্টরূপে ফুটে উঠেছে৷
সরকার বিদ্যুতের তীব্র সংকটের মুখে ২০০৯ সালের মধ্যভাগে নতুন বিদ্যুৎ-সংযোগ দেওয়া বন্ধ ঘোষণা করে৷ এরপর যখন নতুন সংযোগ আবার চালু করা হয়, তখন সংযোগ পাওয়ার ক্ষেত্রে সৌরবিদ্যুতের প্যানেল স্থাপনের শর্ত জুড়ে দেওয়া হয়৷ সে উদ্যোগ কোনো সুফল দেয়নি৷ বরং তাতে শহরাঞ্চলে সৌরবিদ্যুৎ সম্পর্কে একটি নেতিবাচক মনোভাব সৃষ্টি হয়েছে৷