বিদ্যুৎ-সংযোগের অপেক্ষায় ৩১ হাজার আবেদনকারী!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালীর সেনবাগ উপজেলার কাদরা গ্রামের রিকশাচালক আবদুল জব্বার তিন বছর আগে একটি আবাসিক সংযোগের জন্য পল্লী বিদ্যুৎ সমিতির স্থানীয় কার্যালয়ে আবেদন করেছেন, কিন্তু বিদ্যুৎ-সংযোগ পাননি। এরপর কয়েক দিন আগে আরেকটি আবেদন করেন একই কার্যালয়ে। আদৌ বিদ্যুৎ-সংযোগ পাবেন কি না জানেন না এই রিকশাচালক।
শুধু রিকশাচালক আবদুল জব্বারই নন, নোয়াখালী জেলার হাতিয়া ছাড়া বাকি আটটি উপজেলার এমন ৩১ হাজার ৬৫৮ জন আবেদনকারী রয়েছেন, যাঁরা পল্লী বিদ্যুতের সংযোগের জন্য ‘সদস্য ফি’ জমা দিয়ে বছরের পর বছর অপেক্ষায় রয়েছেন। এর মধ্যে সেনবাগ, সোনাইমুড়ী, চাটখিল ও বেগমগঞ্জের আবেদনকারীই বেশি।
জানা গেছে, এসব এলাকায় কয়েক বছর ধরে পল্লী বিদ্যুতের সব ধরনের নতুন সংযোগই বন্ধ রয়েছে৷ এতে ওই এলাকার বাসিন্দাদের ভোগান্তির শেষ নেই। অনেকে বিদ্যুৎ-সংযোগের জন্য আবেদন করে বসতঘরে বিদ্যুতের লাইন টেনে রেখেছেন। কিন্তু মিটারের টাকা জমা দেওয়ার অনুমতি পাননি।
নোয়াখালী পল্লী বিদ্যুৎ সমিতি সূত্রে জানা গেছে, সমিতির পাঁচটি আঞ্চলিক কার্যালয়ের আওতায় জেলার আটটি উপজেলায় গত মে মাস পর্যন্ত বিদ্যুৎ-সংযোগের জন্য আবেদন জমা পড়েছে ৩১ হাজার ৬৫৮টি৷ এর মধ্যে আবাসিক সংযোগের জন্য ২৮ হাজার ৫৪০টি, বাণিজ্যিক সংযোগের জন্য দুই হাজার ৪৮৪টি, শিল্প সংযোগের জন্য ১৫২টি এবং দাতব্য প্রতিষ্ঠানের ৩৮২টি আবেদন জমা পড়েছে৷ যার মধ্যে দু-তিন বছর আগের আবেদনও রয়েছে।
সুত্র জানায়, সাব-স্টেশন এবং বিদ্যুৎ লাইনের ধারণক্ষমতা না থাকায় সেনবাগ, সোনাইমুড়ী, চাটখিল ও বেগমগঞ্জ উপজেলার আংশিক এলাকায় বেশ কিছুদিন ধরে নতুন বিদ্যুৎ-সংযোগ বন্ধ রয়েছে৷ এর মধ্যে সেনবাগের কানকিরহাট এলাকায় একটি ১০ কেভিএ সাব-স্টেশন নির্মাণের কাজ এরই মধ্যে শুরু হয়েছে৷ এ ছাড়া বাকি উপজেলাগুলোর জন্যও পৃথক সাব-স্টেশন তৈরির প্রক্রিয়া চলছে৷
নোয়াখালী পল্লী বিদ্যুৎ সমিতির মহাব্যবস্থাপক শংকর লাল দত্ত প্রথম আলোকে বলেন, সাব-স্টেশন ও লাইনের অতিরিক্ত লোডের সমস্যার পাশাপাশি বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিউবো) চৌমুহনী গ্রিড সাব-স্টেশনের ‘টি-থ্রি’ ট্রান্সফরমারের লোড নেওয়ার ক্ষমতা না থাকার কারণও রয়েছে৷
তিনি বলেন, ইতিমধ্যে ‘আঠারো লাখ গ্রাহকের প্রকল্প’ নামের একটি প্রকল্প হাতে নেওয়া হয়েছে। শিগগিরই এই প্রকল্পের কাজ শুরু হবে৷ প্রকল্পটি বাস্তবায়িত হলে আর তেমন কোনো সমস্যা থাকবে না।