বিদ্যুৎ-সংযোগের দাবিতে কৃষকদের বিক্ষোভ মিছিল
চলতি বোরো মৌসুমে গভীর নলকূপে বিদ্যুৎ-সংযোগের দাবিতে বিক্ষোভ মিছিল ও অনশন পালন করেছেন ময়মনসিংহের গৌরীপুর উপজেলার বড়ইকান্দা গ্রামের কৃষকেরা। গতকাল শনিবার এ কর্মসূচি পালন করা হয়। এ সময় কৃষকদের স্লোগান ছিল ‘বিদ্যুৎ-সংযোগ দাও, নইলে মুখে বিষ দাও’।
এলাকাবাসী সূত্রে জানা যায়, মাওহা ইউনিয়নের বড়ইকান্দা গ্রামে কৃষক সমবায় সমিতির অধীনে ‘গভীর নলকূপ-২’ প্রকল্পের আওতায় একটি গভীর নলকূপ স্থাপন করা হয়। ময়মনসিংহ পল্লী বিদ্যুৎ সমিতি-৩ এ নলকূপে বিদ্যুৎ-সংযোগ দেওয়ার কথা। নলকূপের আওতায় চলতি বোরো মৌসুমে এলাকার তিন শতাধিক কৃষকের প্রায় ২১৫ একর জমির আবাদ হওয়ার কথা। কিন্তু বোরো মৌসুম আরও আগে শুরু হয়ে গেলেও এ নলকূপে গতকাল পর্যন্ত বিদ্যুৎ-সংযোগ দেওয়া হয়নি। এতে এখানকার কৃষকেরা এখনো বোরোর আবাদ শুরু করতে পারছেন না। এ অবস্থায় গতকাল সকালে বড়ইকান্দা গ্রামের শতাধিক কৃষক মাওহা বাজারে বিক্ষোভ মিছিল করেন। পরে তাঁরা নিজেদের অনাবাদি জমিতে শুয়ে থেকে প্রতীকী অনশন করেন। এ সময় কৃষকেরা ‘বিদ্যুৎ-সংযোগ দাও, নইলে মুখে বিষ দাও’ বলে স্লোগান দেন।
ময়মনসিংহ পল্লী বিদ্যুৎ সমিতি-৩-এর উপমহাব্যবস্থাপক (ডিজিএম) প্রদীশ মণ্ডল বলেন, ‘যত দূর জেনেছি, এলাকার দুটি প্রভাবশালী পক্ষের বিরোধের কারণে সংযোগ দেওয়া যাচ্ছে না। বিষয়টি খতিয়ে দেখে সংযোগ দেওয়া হবে।’