বিদ্যুৎ-সংযোগের দাবিতে মহাসড়ক অবরোধ
নরসিংদীর মাধবদীতে নতুন বিদ্যুৎ-সংযোগ এবং পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর মহাব্যবস্থাপক (জিএম) জেড এম আজাদের অপসারণের দাবিতে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করেছে এলাকাবাসী। গতকাল শনিবার আধা ঘণ্টা তাঁরা ওই সড়ক অবরোধ করেন।
শনিবার দুপুর সোয়া ১২টার দিকে মহাসড়কে বিদ্যুতের খুঁটি ও গাছের গুঁড়ি ফেলে তারা এ অবরোধ করে। এ সময় ঢাকা-সিলেট মহাসড়কের উভয় পাশে যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বেলা পৌনে একটায় সড়ক থেকে অবরোধকারীদের সরিয়ে নেয়।
স্থানীয়রা ব্যক্তিরা জানান, সদর উপজেলার নূরালাপুরসহ বিভিন্ন এলাকায় গ্রাহকেরা নতুন বিদ্যুৎ-সংযোগের জন্য আবেদন করে দীর্ঘদিনেও সংযোগ পাননি। এ ছাড়া সম্প্রতি পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষের অসদাচরণ, অনিয়ম এবং শিল্প এলাকার সংযোগ লাইন পরিবর্তন করায় শিল্প উৎপাদন ব্যাহত হচ্ছে বলে অভিযোগ করেন তাঁরা। এর প্রতিবাদে দুপুরে আবাসিক ও বাণিজ্যিক সংযোগের আবেদনকারী ও এলাকাবাসীরা প্রথমে বিক্ষোভ করে ঢাকা-সিলেট মহাসড়কে যায়। পরে মহাসড়ক অবরোধ করে।
এ ব্যাপারে পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর জিএম জেড এম আজাদের মুঠোফোনে যোগাযোগ করে তাঁকে পাওয়া যায়নি।
মাধবদী পুলিশ তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক (এসআই) শাহ আলম বলেন, সমস্যা সমাধানের আশ্বাস দিলে অবরোধকারীরা অবরোধ তুলে নেয়। এখন যান চলাচল স্বাভাবিক হয়েছে।