বিদ্যুৎ-সংযোগের দাবিতে ৩৪২ পরিবারের সংবাদ সম্মেলন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিদ্যুতের দাবিতে নাটোরের গুরুদাসপুর উপজেলার কুমারখালী গ্রামের সড়ক অবরোধ করে ভুক্তভোগী পরিবারগুলো গতকাল সমাবেশ করে l প্রথম আলো
বিদ্যুতের দাবিতে নাটোরের গুরুদাসপুর উপজেলার কুমারখালী গ্রামের সড়ক অবরোধ করে ভুক্তভোগী পরিবারগুলো গতকাল সমাবেশ করে l প্রথম আলো

তিন বছর আগে নাটোরের গুরুদাসপুর উপজেলার কুমারখালী ও সিংড়ার সোনাপুর গ্রামের বৈদ্যুতিক লাইন টানা হয়। ওয়্যারিংসহ সব প্রক্রিয়া শেষ হয়। কিন্তু নানা জটিলতায় সংযোগ পাচ্ছে না ওই দুই গ্রামের ৩৪২ পরিবার। তাই এসব পরিবার বিদ্যুৎ-সংযোগের দাবিতে গতকাল মঙ্গলবার সংবাদ সম্মেলন করেছে।

কুমারখালী গ্রামের সড়ক অবরোধ করে ভুক্তভোগী পরিবারগুলো গতকাল সকালে ওই সংবাদ সম্মেলন করে। গ্রামবাসীর পক্ষে সভায় জশমত উল্লাহ প্রামাণিক সভাপতিত্ব করেন। বক্তব্য দেন হাজি মজিবর রহমান, হাজি রজব আলী, সাখাওয়াত আলী মোল্লা ও আবদুল মান্নান।

লিখিত বক্তব্য পাঠ করেন কুমারখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মসলেম মোল্লা। এতে বিদ্যুৎ-সংযোগ প্রত্যাশী ছাড়াও গ্রামের দেড় শতাধিক নারী-পুরুষ উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, ২০১৩ থেকে ২০১৬ সাল পর্যন্ত দুই ধাপে গুরুদাসপুর-বড়াইগ্রাম আসনের সাংসদ আবদুল কুদ্দুসের বিশেষ বরাদ্দের আওতায় নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-২ এলাকা কুমারখালী ও সোনাপুর গ্রামে বৈদ্যুতিক খুঁটি ও তার টানে ঠিকাদারি প্রতিষ্ঠান। এর মধ্যে কুমারখালী গ্রামে ২৮০ ও সোনাপুর গ্রামে ৬২ জন গ্রাহক রয়েছেন। বিদ্যুৎ বিভাগের নির্দেশে তাঁরা বাড়িতে ওয়্যারিংয়ের কাজও শেষ করেছেন। কিন্তু এখনো তাঁরা বিদ্যুৎ-সংযোগ পাননি।

নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন গ্রামবাসী বলেন, সাংসদ কুদ্দুসের আস্থাভাজন বলে পরিচিত কুমারখালী গ্রামের মসলেম বিদ্যুৎ-সংযোগের নামে এসব গ্রাহকের কাছ থেকে টাকা হাতিয়ে নেন। এ নিয়ে গ্রামবাসী বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগও করেন।

তবে মসলেম দাবি করেন, ‘তিনি গ্রাম দুটিতে বিদ্যুৎ পৌঁছে দিতে অনেক চেষ্টা-তদবির করেছি। এতে ঈর্ষান্বিত হয়ে কিছু ব্যক্তি তাঁর বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করছেন। বিভ্রান্তি দূর করতে গ্রামবাসীকে নিয়ে সমাবেশ করেছি। সমাবেশে উপস্থিত কেউই টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ তোলেননি।’

এ ব্যাপারে সাংসদ কুদ্দুসের মুঠোফোনে গতকাল দুপুর ১২টার দিকে একাধিকবার ফোন দিলোও তিনি ধরেননি। তবে তাঁর ব্যক্তিগত সহকারী (পিএস) ইব্রাহিম হোসেন বলেন, ওই গ্রামের কিছু ব্যক্তি বিদ্যুৎ-সংযোগের নামে আর্থিক সুবিধা নিয়েছেন। এতে স্থানীয় সাংসদসহ সরকারের সুনাম ক্ষুণ্ন হয়েছে। বিষয়টি নিষ্পত্তি হলে সংযোগ দেওয়ার উদ্যোগ নেওয়া হবে।

 নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-২-এর উপব্যবস্থাপক (ডিজিএম) আবদুল হালিম বলেন, পল্লী বিদ্যুতায়ন বোর্ড ও ঠিকাদারি প্রতিষ্ঠানের যৌথ প্রতিবেদন তাদের দপ্তরে পৌঁছেনি। তাই সংযোগ চালু করা হচ্ছে না।