বিদ্যুৎ-সুবিধা পেল ফটিকছড়ির পাঁচ গ্রামের মানুষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের ফটিকছড়ির পাঁচটি গ্রামে পল্লী বিদ্যুতের নতুন সংযোগ দেওয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে স্থানীয় সাংসদ সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারী এসব সংযোগের উদ্বোধন করেন।
গ্রামগুলো হচ্ছে চেইঙ্গারকূল, আদর্শগ্রাম, উত্তর রাঙ্গামাটিয়া, রাবার বাগান ও হাজইল্যারটিলা। এসব গ্রামের ২৭১টি পরিবার নতুন বিদ্যুৎ-সংযোগের আওতায় এসেছে। চট্টগ্রাম পল্লী বিদ্যুৎ সমিতি-২ ফটিকছড়ি কার্যালয়ের অধীনে ১ কোটি ৪০ লাখ টাকা ব্যয়ে ৬ দশমিক ৪৫ কিলোমিটার এলাকায় এই সংযোগ দেওয়া হয়।
নতুন বিদ্যুৎ-সংযোগ চালু করা উপলক্ষে উত্তর রাঙ্গামাটিয়া আদর্শ গ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে সুধী সমাবেশের আয়োজন করা হয়। ফটিকছড়ি পৌরসভার মেয়র মুহাম্মদ ইসমাইল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলার নারী ভাইস চেয়ারম্যান জেবুন নাহার, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নজরুল ইসলাম, ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মফিজ উদ্দিন, পল্লী বিদ্যুতের উপমহাব্যবস্থাপক (ডিজিএম) মো. নিয়াজ উদ্দিন, উপজেলা জাতীয় পার্টির সভাপতি মো. নুরুল আবছার, তরীকত ফেডারেশন ফটিকছড়ি শাখার সভাপতি বেলাল উদ্দিন শাহ, পৌরসভার কাউন্সিলর গোলাপ মাওলা, উপজেলা ছাত্রলীগের সভাপতি সাহেদুল আলম, উপজেলা ছাত্রলীগ নেতা মুহাম্মদ হাসান প্রমুখ।
পল্লী বিদ্যুতের উপমহাব্যবস্থাপক (ডিজিএম) মো. নিয়াজ উদ্দিন প্রথম আলোকে বলেন, বিদ্যুতের নতুন সংযোগের ফলে এসব গ্রামের ২৭১টি পরিবার এবং প্রায় ৫০০ একর জমি সেচের আওতায় আসবে।