বিদ্রোহী ও জামায়াত প্রার্থী নিয়ে টেনশনে বিএনপি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীর তানোর উপজেলায় তানোর ও মুণ্ডুমালা পৌরসভা দুটিতে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। তানোর পৌরসভায় বিএনপির বর্তমান মেয়র দলীয় মনোনয়ন না পেয়ে এবার বিদ্রোহী প্রার্থী হয়েছেন। অপর দিকে মুণ্ডুমালায় দলীয় বিদ্রোহী না থাকলেও সেখানে জামায়াতের প্রার্থী রয়েছেন।
এই বিদ্রোহী ও জামায়াতের প্রার্থী নিয়ে বিএনপি টেনশনে রয়েছে। তবে দলের প্রার্থীরা বলছেন, এবার ধানের শীষে ভোট পড়বে। টেনশনের কিছু নেই।
মুণ্ডুমালা পৌরসভায় মেয়র পদে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হয়েছেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও বর্তমান মেয়র গোলাম রাব্বানী। অপর দিকে বিএনপির মনোনীত প্রার্থী হয়েছেন মুণ্ডুমালা পৌর যুবদলের সাধারণ সম্পাদক ফিরোজ কবির। প্রার্থী রয়েছেন মুণ্ডুমালা পৌর জামায়াতের সেক্রেটারি আনিসুর রহমান। এ ছাড়া রয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ দলের মেয়র পদপ্রার্থী আহম্মেদ হোসাইন সিজার।
তানোর পৌরসভায় আওয়ামী লীগের মনোনীত মেয়র পদপ্রার্থী তানোর পৌর আওয়ামী লীগের সভাপতি ইমরুল হক এবং বিএনপির মনোনীত প্রার্থী হলেন তানোর উপজেলা যুবদলের সভাপতি মিজানুর রহমান মিজান। এই পৌরসভার বর্তমান মেয়র ফিরোজ সরকার বিএনপির দলীয় মনোনয়ন না পেয়ে বিদ্রোহী প্রার্থী হয়েছেন।
দলীয় সূত্রে জানা গেছে, তানোর পৌরসভায় দলীয় প্রার্থী মনোনয়নের সময় বিএনপি সাবেক মন্ত্রী ব্যারিস্টার আমিনুল হকের উপস্থিতিতে নেতা-কর্মীদের মধ্যে হট্টগোল হয়। ফলে একক প্রার্থী দেওয়া সম্ভব হয়নি। অপর দিকে মুণ্ডুমালা পৌরসভায় জামায়াতের প্রার্থী থাকার কারণে বিএনপির বিদ্রোহী নেতা-কর্মীদের একাংশের ভোট জামায়াতের প্রার্থীর পক্ষে চলে যেতে পারে। এ নিয়ে বিএনপির নেতাদের মধ্যে টেনশন কাজ করছে।
তবে তানোর পৌর বিএনপির দলীয় প্রার্থী মিজানুর রহমান বলেন, বিদ্রোহী প্রার্থী নিয়ে তাঁর কোনো টেনশন নেই। কারণ মানুষ প্রার্থীকে নয়, ধানের শীষে ভোট দেবে।
একই ধরনের কথা বলেছেন মুণ্ডুমালা পৌর বিএনপির প্রার্থী ফিরোজ কবির। তিনি বলেন, দলীয় প্রতীকে ভোট হচ্ছে। মানুষ প্রতীক দেখে ভোট দেবে। এখানে জামায়াতের দলীয় প্রতীকও নেই। ফলে তাঁকে নিয়ে কোনো টেনশনের প্রশ্নই আসে না। আর বিএনপির বিদ্রোহী প্রার্থী আগেই মনোনয়ন প্রত্যাহার করায় এখন সবাই ধানের শীষের জন্যই কাজ করছেন।