বিদ্রোহী তিন মেয়র প্রার্থীকে বহিষ্কার করল বিএনপি
পৌরসভা নির্বাচনে তিন ‘বিদ্রোহী’ প্রার্থীকে দল থেকে বহিষ্কার করেছে বিএনপি। আজ বৃহস্পতিবার দলের দপ্তরের দায়িত্বে থাকা যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে তিন নেতাকে বহিষ্কারের তথ্য জানানো হয়।
অবশ্য বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও দলের স্বার্থ বিরোধী তৎপরতায় লিপ্ত থাকার কারণে তাঁদের বিএনপির সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
বহিষ্কৃতরা হলেন রাজশাহীর নওহাটা পৌর বিএনপির সভাপতি রফিকুল ইসলাম, যশোরের বাঘারপাড়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু তাহের সিদ্দিকী ও হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ পৌর যুবদলের সভাপতি আবদুল মজিদ। এঁরা তিনজন দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে যথাক্রমে নওহাটা, বাঘারপাড়া ও শায়েস্তাগঞ্জে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মেয়র পদে নির্বাচন করছেন।
এ ছাড়া চুয়াডাঙ্গা জেলা বিএনপির আহ্বায়ক অহিদুল ইসলাম বিশ্বাসকে দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের স্বার্থ বিরোধী তৎপরতায় লিপ্ত থাকায় কারণ দর্শানোর নোটিশ দিয়েছে কেন্দ্রীয় বিএনপি।