বিদ্রোহী নিয়ে দুশ্চিন্তায় আ.লীগ
সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ছয়টি ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থীর ছড়াছড়ি থাকলেও বিএনপিতে মাত্র এমন দুজন প্রার্থী আছেন। উপরন্তু বিএনপি দুটি ইউপিতে কোনো প্রার্থীই দেয়নি। এটিকে নির্বাচনের কৌশল বলে ব্যাখ্যা দিয়েছেন বিএনপির নেতারা। তবে বিদ্রোহী প্রার্থী বেশি থাকায় চিন্তিত আওয়ামী লীগের প্রার্থীরা।
বিদ্রোহীদের চাপে অনেকটা কোনঠাসা হয়ে পড়েছেন আওয়ামী লীগের প্রার্থীরা। প্রতিটি ইউনিয়নে চেয়ারম্যান পদে নিজ দলের একাধিক বিদ্রোহী প্রার্থী থাকায় তৃণমূল পর্যায়ে নতুন করে দেখা দিয়েছে কোন্দল। এর নেতিবাচক প্রভাব ভোটেও পড়বে বলে দলটির তৃণমূলের ১২ জন কর্মী-সমর্থক দাবি করেছেন।
অপর দিকে উপজেলার ছয় ইউনিয়নের দুটিতে কোনো প্রার্থীই দিতে পারেনি বিএনপি। প্রার্থী তালিকা ঘেঁটে দেখা গেছে ছয় ইউনিয়নে ৩০ জন চেয়ারম্যান প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে আওয়ামী লীগের ১০ জন এবং বিএনপির ২ জন ‘বিদ্রোহী’ প্রার্থী রয়েছেন। তেলিখাল ও ইছাকলস ইউনিয়নে বিএনপির কোনো প্রার্থী না থাকলেও বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত দুই প্রার্থী ‘স্বতন্ত্র’ নির্বাচন করছেন।
সবচেয়ে বেশিসংখ্যক প্রার্থী নির্বাচনে অংশ নেওয়ায় এরই মধ্যে গুরুত্বপূর্ণ ইউনিয়ন হিসেবে পরিচিতি পাচ্ছে পশ্চিম ইসলামপুর ইউনিয়ন। এখানে চেয়ারম্যান পদে ১০ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে আওয়ামী লীগের বিদ্রোহী চারজন, বিএনপির একজন প্রার্থী রয়েছেন। পুরো উপজেলার ছয়টি ইউনিয়নের মধ্যে কেবল এ ইউনিয়নে জাতীয় পার্টি দলীয় প্রার্থী দিয়েছে।
পশ্চিম ইসলামপুরে বিএনপি প্রার্থী মো. নজরুল ইসলামের বিরুদ্ধে বিএনপির মনোনয়নবঞ্চিত এখলাছুর রহমান বিদ্রোহী প্রার্থী হয়েছেন। এ ছাড়া জাতীয় পার্টির মো. শামছু মিয়া চৌধুরী এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের এন এম মহিউদ্দিন আল মামুন। মো. জাফরুল ইসলাম নামের একজন স্বতন্ত্র প্রার্থীও রয়েছেন।
বিদ্রোহী প্রার্থীর ছড়াছড়ির মধ্যে নির্বাচনে বিজয়ী হওয়ার বিষয়ে আওয়ামী লীগের প্রার্থী মো. জামাল উদ্দিন বলেন, ‘দলের প্রাণ আসলে নেতা নন, কর্মীরা। কর্মীরা ঐক্যবদ্ধভাবে নৌকার জয় নিশ্চিত হবে।’
বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী হওয়ায় পশ্চিম ইসলামপুর ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য মো. মজনু মিয়া, উপজেলা আওয়ামী লীগের সদস্য মো. গেদা মিয়া, আবুল হোসেন এবং উপজেলা শ্রমিক লীগের সাবেক সহসভাপতি মো. আফজাল হোসেনকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।। গত শুক্রবার জেলা আওয়ামী লীগ জরুরি সভা করে এই চার প্রার্থীকে দল থেকে বহিষ্কারের ঘোষণা দিয়েছে।
পূর্ব ইসলামপুর ইউপিতে চেয়ারম্যান পদে পাঁচজন প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাঁরা হলেন আওয়ামী লীগের প্রার্থী মো. আলী আমজদ, বিদ্রোহী প্রার্থী মো. ইলিয়াছুর রহমান, বিএনপির প্রার্থী তাজ উদ্দিন আহমদ, বিদ্রোহী প্রার্থী মনির উদ্দিন এবং স্বতন্ত্র মো. বাবুল মিয়া।
তেলিখাল ইউপিতে আওয়ামী লীগের দুই বিদ্রোহী প্রার্থী হলেন আবদুল হক ও কাজী আবদুল আদুদ আলফু মিয়া, দলীয় প্রার্থী আপ্তাব আলী ওরফে কালা মিয়া। এখানে বিএনপির কোনো প্রার্থী নেই। তবে স্বতন্ত্র হিসেবে নির্বাচন করছেন বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত রিয়াজ উদ্দিন।
ইছাকলস ইউপিতে আওয়ামী লীগের প্রার্থী মো. একলাসুর রহমান। এ ইউনিয়নেও বিএনপির কোনো প্রার্থী নেই। তবে স্বতন্ত্র হিসেবে মো. কুটি মিয়া নামের একজন প্রতিদ্বন্দ্বিতা করছেন।
উত্তর রণিখাই ইউপিতে আওয়ামী লীগের প্রার্থী জালাল মিয়া এবং বিএনপির প্রার্থী আবদুল মালিক, আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ফরিদ মিয়া ও স্বতন্ত্র প্রার্থী আতাউর রহমান।
দক্ষিণ রণিখাই ইউপিতে আওয়ামী লীগের প্রার্থী আবদুল হাসিম এবং বিএনপির মো. আব্দুছ ছোবহান, আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মো. সিদ্দিকুর রহমান রোকন ও এম এ হান্নান এবং স্বতন্ত্র আবদুল মজিদ বাবুল।
সিলেট জেলা আওয়ামী লীগের উপদপ্তর সম্পাদক জগলু চৌধুরী বলেন, যাঁরা দলীয় নির্দেশনা অমান্য করে প্রার্থী হয়েছেন, তাঁদের দল থেকে বহিষ্কার করা হয়েছে।
জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আহমদ দাবি করেন, দুটি ইউপিতে প্রার্থী দেওয়া হয়নি কৌশলগত কারণে। এ দুটি ইউনিয়নে বিএনপির দুই নেতা স্বতন্ত্র হিসেবে নির্বাচন করছেন।
বিদ্রোহী প্রার্থীদের বিষয়ে আলী আহমদ বলেন, বিদ্রোহী প্রার্থীদের দল থেকে বহিষ্কারও করা হয়েছে।