গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে বিদ্রোহী প্রার্থী নিয়ে বিপাকে পড়েছে আওয়ামী লীগ। বিদ্রোহীদের দমনে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে গতকাল সোমবার যৌথ সভা করা হয়েছে। সভায় প্রতিটি ইউনিয়নে নির্বাচন পরিচালনা কমিটি গঠনের ঘোষণা দেওয়া হয়।
ওই সভায় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কামাল উদ্দিন সিকদার বলেন, বিদ্রোহী প্রার্থীদের দমনে কেন্দ্রীয় নির্দেশ রয়েছে। নির্বাচনের আগেই তাঁদের বহিষ্কার করা হবে।
দলীয় সূত্রে জানা যায়, কালিয়াকৈরে নয়টি ইউনিয়ন রয়েছে। এর মধ্যে চতুর্থ ধাপে আগামী ৭ মে সাতটি ইউপিতে নির্বাচন হবে। এর মধ্যে পাঁচটিতে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী রয়েছেন। তাঁদের মধ্যে দুজন বর্তমান চেয়ারম্যান। আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থীদের জয়ী করার লক্ষ্যে এবং বিদ্রোহী প্রার্থীদের দমন করতে গতকাল যৌথ সভার আয়োজন করা হয়। উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কামাল উদ্দিন সিকদারের মাটিকাটা এলাকার বাড়িতে এর আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আবদুর রশিদ।
যৌথ সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কামাল উদ্দিন সিকদার, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস আক্তার, পৌর আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক জহিরুল ইসলাম, উপজেলা যুবলীগের সভাপতি হিরু মিয়া প্রমুখ। সভায় আওয়ামী লীগ, যুবলীগ, শ্রমিক লীগ, কৃষক লীগ ও ছাত্রলীগের উপজেলা ও পৌর কমিটির নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বলেন, বর্তমানে বিএনপির অস্তিত্ব নেই। তাদের এখন মানুষ পছন্দ করে না। কিন্তু আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীরা দাঙ্গা-হাঙ্গামা করতে পারেন। তাই সব নেতা-কর্মীকে সতর্ক থেকে দলীয় প্রার্থীদের পক্ষে কাজ করার আহ্বান জানানো হচ্ছে। নির্বাচনের আগেই বিদ্রোহীদের দল থেকে বহিষ্কার করা হবে। এ সময় বিদ্রোহী প্রার্থীদের দমনে প্রতিটি ইউনিয়নে একটি করে নির্বাচন পরিচালনা কমিটি গঠনের ঘোষণা করা হয়। আগামী তিন দিনের মধ্যে এ কমিটি গঠন করা হবে। ওই কমিটি সর্বক্ষণ দলীয় প্রার্থীর পক্ষে প্রচারণাসহ নির্বাচনী অন্যান্য কার্যক্রমে ভূমিকা রাখবে।
উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আবদুর রশিদ বলেন, সভায় সিদ্ধান্ত হয়েছে, প্রতিটি ইউনিয়নে একটি করে নির্বাচনী পরিচালনা কমিটি করা হবে। ওই কমিটি দলীয় প্রার্থীদের পক্ষে নির্বাচনী কার্যক্রম পরিচালনা করবে।