চাঁদপুরের হাজীগঞ্জ পৌরসভা নির্বাচনে ‘বিদ্রোহী’ প্রার্থী নিয়ে বিপাকে রয়েছে বিএনপি। ক্ষমতাসীন আওয়ামী লীগে বিদ্রোহী প্রার্থী না থাকলেও প্রভাবশালী নেতাদের নিয়ে স্বস্তিতে নেই দলের মেয়র প্রার্থীও।
বিএনপির স্থানীয় রাজনৈতিক নেতা-কর্মী ও ভোটারদের সঙ্গে কথা বলে জানা গেছে, হাজীগঞ্জ পৌরসভার দুবারের মেয়র আবদুল মান্নান খান কেন্দ্র থেকে মনোনয়ন পেয়ে ধানের শীষ নিয়ে নির্বাচনের মাঠে থাকলেও তাঁকে নিয়ে স্থানীয় বিএনপি দ্বিধাবিভক্ত। এলাকার সাবেক সাংসদ এম এ মতিনের সমর্থন নিয়ে তাঁর বিরুদ্ধে মাঠে আছেন হেলাল উদ্দীন মজুমদার। জেলা বিএনপির সাবেক সভাপতি মমিনুল হক বিদ্রোহী প্রার্থীর পৃষ্ঠপোষকতা দিচ্ছেন বলে অভিযোগ থাকলেও তিনি তা অস্বীকার করেছেন।
হেলাল উদ্দীন মজুমদারের দাবি, এম এ মতিন ও মমিনুল হকই তাঁকে নির্বাচনের মাঠে নামিয়েছেন। পৌরসভার উল্টোদিকেই টোরাগড় গ্রামে হেলাল উদ্দীনের বাড়ি। একই গ্রামের বাসিন্দা এম এ মতিনও। স্থানীয় সূত্রগুলো বলছে, এখানকার সব নির্বাচনেই গ্রামটির প্রায় আট হাজার ভোটার নিয়ামক হয়ে ওঠেন। অতীতের বিভিন্ন উদাহরণ তুলে ধরে তাঁরা বলেন, এম এ মতিনের প্রভাব ও ওই গ্রামের ভোটারদের মধ্যে আঞ্চলিকতার চিন্তাধারার কারণে এখানকার ভোটাররা এক প্রার্থীর পক্ষেই কাজ করেন। তাই হেলাল উদ্দীনের নির্বাচনে থাকা বিএনপি প্রার্থীর জন্য মাথাব্যথার কারণ।
জেলা বিএনপির সাবেক সভাপতি মমিনুল হক প্রথম আলোকে বলেন, তিনি নিজেই বিএনপির প্রার্থীর মনোনয়নে বড় ভূমিকা রেখেছেন। বিদ্রোহী প্রার্থীর পক্ষে থাকার প্রশ্নই ওঠে না। বিএনপির প্রার্থী ও বিদ্রোহী প্রার্থীকে একসঙ্গে বসানোর চেষ্টা করেও সফল হতে পারেননি বলে দাবি করেন তিনি। তবে বিদ্রোহী প্রার্থীর কারণে বিএনপির প্রার্থী বেশ ঝুঁকিতে আছেন বলে মনে করেন মমিনুল হক।
বিএনপির প্রার্থী আবদুল মান্নান খানও ঝুঁকির কথা স্বীকার করলেন। ধানের শীষ প্রতীক নিয়ে ভোটারদের বাড়ি বাড়ি যাওয়ার কথা জানিয়ে তিনি বলেন, এখনো অনেক নেতার কাছ থেকে যতটা সহায়তা পাওয়ার কথা তা তিনি পাচ্ছেন না। গতকাল সোমবার নির্বাচনী প্রচারে গিয়ে বিদ্রোহী প্রার্থীর কর্মী-সমর্থকদের হাতে লাঞ্ছিত হন আবদুল মান্নান খান।
জেলা বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক মাহবুব আনোয়ারও (বাবলু) প্রথম আলোর সঙ্গে আলাপকালে বিদ্রোহী প্রার্থী নিয়ে নিজেদের চিন্তার কথা জানালেন। তিনি বলেন, তাঁকে বুঝিয়ে দলীয় প্রার্থীর পক্ষে নির্বাচনে কাজ করানোর চেষ্টা চলছে। বিএনপির স্থানীয় নেতা-কর্মীদের ঐক্যবদ্ধভাবে দলের প্রার্থীর পক্ষে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে।
অন্যদিকে ক্ষমতাসীন আওয়ামী লীগে কোনো বিদ্রোহী প্রার্থী না থাকলেও দলের মনোনয়ন না পেয়ে ‘মনঃকষ্টে’ থাকা কোনো কোনো নেতা ও তাঁদের অনুসারীরা দলীয় প্রার্থীর পক্ষে কাজ করছেন না বলে জানা গেছে। এ পৌরসভায় দলীয় মনোনয়ন চেয়েছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গাজী মাঈনুদ্দিন ও হাজীগঞ্জ ব্যবসায়ী সমিতির সভাপতি আহসান হাবীব। এ দুজন মনোনয়ন দৌড়ে এগিয়ে থাকলেও সবাইকে চমকে দিয়ে মনোনয়ন পান মাহবুব-উল আলম। স্থানীয় প্রভাবশালী রাজনৈতিক নেতারা তাঁর পক্ষে না থাকলেও তিনি মনোনয়ন পান।
এ বিষয়ে জানতে চাইলে আওয়ামী লীগের মেয়র পদপ্রার্থী মাহবুব-উল আলম প্রথম আলোকে বলেন, ‘দলের ৯৫ শতাংশ নেতা-কর্মী আমার সঙ্গে আছেন। বড় দলে প্রার্থিতা নিয়ে প্রতিযোগিতা থাকে। না পেলে অনেক সময় মনঃকষ্টও থাকতে পারে। আমি আশা করি শিগগিরই সবাই আমার পক্ষে মাঠে নামবেন।’
মনোনয়ন চেয়ে ব্যর্থ হয়ে নির্বাচনে অংশ নিতে না পারলেও দলীয় প্রার্থীর পক্ষেই আছেন বলে দাবি করলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গাজী মাঈনুদ্দিন। তিনি বলেন, ‘আমরা নৌকা প্রতীকের পক্ষে কাজ করছি।’
এখানে আওয়ামী লীগ ও বিএনপির বাইরে ভোটের লড়াইয়ে আছেন জাতীয় পার্টির এম এ সেলিম মাহমুদ, ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. শাহজাহান মিয়াজী ও স্বতন্ত্র ওমর ফারুক চৌধুরী।