বিদ্রোহী প্রার্থী আ.লীগ ও বিএনপির দুই নেতাকে অব্যাহতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করে শেরপুর সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ায় আওয়ামী লীগ ও বিএনপির দুই নেতাকে দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
তাঁরা হলেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মিনহাজ উদ্দিন ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য জহুরুল ইসলাম। গত বুধবার দলীয় সভায় তাঁদের অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।
দলীয় সূত্রে জানা গেছে, গত বুধবার রাতে শেরপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ও সরকারদলীয় হুইপ মো. আতিউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত দলের কার্যনির্বাহী কমিটির সভায় বিদ্রোহী প্রার্থী মিনহাজ উদ্দিনকে অব্যাহতির সিদ্ধান্ত নেওয়া হয়। গতকাল বৃহস্পতিবার পৌর টাউন হলে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক চন্দন কুমার পাল মিনহাজ উদ্দিনকে অব্যাহতির এ তথ্য জানান। সংবাদ সম্মেলনে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে মিনহাজ উদ্দিনকে পদ ও সাংগঠনিক দায়দায়িত্ব থেকে অব্যাহতির আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়। চেয়ারম্যান পদে আওয়ামী লীগ জেলা কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মো. ছানোয়ার হোসেনকে সমর্থন দিয়েছে। সংবাদ সম্মেলনে শেরপুর পৌরসভার মেয়র হুমায়ুন কবীর, চেয়ারম্যান পদপ্রার্থী ছানোয়ার হোসেন, ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী বায়েজিদ হাসান ও শামীম আরা বেগম বক্তৃতা করেন।
গত বুধবার রাতে জেলা বিএনপির আহ্বায়ক সাবেক সাংসদ মো. মাহমুদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত এক সভায় চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী জহুরুল ইসলামকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। গতকাল বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে অব্যাহতির এ সিদ্ধান্তের কথা সাংবাদিকদের জানানো হয়। চেয়ারম্যান পদে বিএনপি সমর্থিত প্রার্থী হলেন জেলা আহ্বায়ক কমিটির সদস্য সিরাজুল ইসলাম।