বিদ্রোহী প্রার্থী নিয়ে আ.লীগ ও বিএনপিতে অস্বস্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নেত্রকোনার আটপাড়া উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদে আওয়ামী লীগ ও বিএনপিতে একাধিক ‘বিদ্রোহী’ প্রার্থী রয়েছেন। এতে দলীয় নেতা-কর্মী ও সমর্থকদের মধ্যেও বিভক্তি দেখা দিয়েছে। উদ্ভূত পরিস্থিতিতে নির্বাচন ঘিরে অস্বস্তিতে রয়েছে দুদলই। আজ রোববার এখানে ভোট গ্রহণ করা হবে।
উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় ও প্রশাসন সূত্রে জানা গেছে, আজ রোববার এখানে ভোট গ্রহণ করা হচ্ছে। সাতটি ইউনিয়নের ৫১টি ভোটকেন্দ্রে ভোটাররা ভোট দেবেন। এর মধ্যে ২২টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। উপজেলায় ভোটার ৯৪ হাজার ৯৫৫ জন। নির্বাচনে চেয়ারম্যান পদে ছয়জন, ভাইস চেয়ারম্যান পদে আটজন এবং নারী ভাইস চেয়ারম্যান পদে তিনজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
দলীয় সূত্রে জানা গেছে, তৃণমূলের ভোটে বিজয়ী হয়ে আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী হন সাবেক সাংসদ প্রয়াত আবদুল খালেকের ছেলে মো. খাইরুল ইসলাম। এই পদে আওয়ামী লীগের বিদ্রোহী হিসেবে লড়ছেন জেলা কৃষক লীগের সভাপতি কেশব রঞ্জন সরকার, উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি খায়রুল ইসলাম ও আওয়ামী লীগের কেন্দ্রীয় প্রচার ও প্রকাশনা উপকমিটির সদস্য আবু সাঈদ খান। এদের মধ্যে কেশব রঞ্জনকে ইতিমধ্যে দল থেকে বহিষ্কার করা হয়েছে। দলের নেতা-কর্মী ও সমর্থকেরা মনে করেন বহিষ্কার করলেও কেশব রঞ্জন ও আওয়ামী লীগ-সমর্থক অপর দুই প্রার্থীও দলের একাংশসহ নিজেদের অনুসারীদের ভোট পাবেন।
উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম দল-সমর্থিত প্রার্থী হলেও দলের সিদ্ধান্ত না মেনে এখানে ‘বিদ্রোহী’ হিসেবে লড়ছেন সাবেক উপজেলা চেয়ারম্যান জহিরুল ইসলাম। দলীয় সিদ্ধান্ত না মানায় তাঁকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।
এখানে তৃণমূলের ভোটে বিজয়ী হয়ে আওয়ামী লীগ-সমর্থিত ভাইস চেয়ারম্যান প্রার্থী হন এস এম ইশা খান। এ ছাড়া এ পদে বিদ্রোহী হিসেবে লড়ছেন দলের সমর্থক আরও তিনজন। একইভাবে বিএনপির দুজন এই পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ ছাড়া স্বতন্ত্র হিসেবে একজন এবং জামায়াতে ইসলামী-সমর্থিত একজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি সুলতান উদ্দিন আহমেদ বলেন, নির্বাচনে চেয়ারম্যান পদের এক বিদ্রোহী প্রার্থীকে ইতিমধ্যে দল থেকে বহিষ্কার করা হয়েছে। তবে আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী ছাড়া অন্যদের সঙ্গে দলের কেউ নেই। তাঁরা নিজেরাই নিজেদের কাজ করছেন। বিদ্রোহী প্রার্থী থাকায় সমস্যা হবে না দাবি করে তিনি বলেন, তাঁদের কোনো ভোট নেই। তাই ফলাফলে কোনো প্রভাব পড়বে না।
আটপাড়া উপজেলা বিএনপির সভাপতি খায়রুল কবির তালুকদার বলেন, বিদ্রোহী প্রার্থীর পক্ষে কাজ না করার জন্য দলের নেতা-কর্মীদের বলে দেওয়া হয়েছে।
সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আশরাফ হোসেন বলেন, সুষ্ঠু নির্বাচনের জন্য নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষায় সেনাবাহিনী, বিজিবি ও পুলিশ মোতায়েন করা হবে। বিচারিক ও নির্বাহী হাকিমেরা নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে তাৎক্ষণিক শাস্তির ব্যবস্থা করবেন।