বিদ্রোহী প্রার্থী নেই খাগড়াছড়ি ও মাটিরাঙ্গা পৌরসভায়
খাগড়াছড়ি সদর ও মাটিরাঙ্গা পৌরসভায় কোনো দলেই বিদ্রোহী প্রার্থী নেই। খাগড়াছড়ি সদর পৌরসভায় মেয়র পদে আওয়ামী লীগের প্রার্থী মো. শানে আলম, বিএনপির আবদুল মালেক এবং জাতীয় পার্টির মো. ইসহাক মেয়র পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন।
এ ছাড়া বর্তমান মেয়র রফিকুল আলম, সমাজসেবক ধীমান খীসা, আইনজীবী সমারি চাকমা, সাবেক পৌর ভাইস চেয়ারম্যান কিরণ মারমা ও দীপায়ন চাকমা স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন।
খাগড়াছড়ি পৌর নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এ টি এম কাউছার হোসেন বলেন, মেয়র পদে মোট আটজন মনোনয়নপত্র জমা দিয়েছেন। এ ছাড়া সাধারণ কাউন্সিলর পদে ৪৭ জন ও সংরক্ষিত মহিলা ওয়ার্ডে ১৪ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন।
খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আশুতোষ চাকমা বলেন, ‘খাগড়াছড়ি ও মাটিরাঙ্গা পৌরসভায় দলীয়ভাবে মনোনয়ন দেওয়া প্রার্থীর বাইরে আমাদের আর কোনো প্রার্থী নেই। খাগড়াছড়িতে শানে আলম ও মাটিরাঙ্গায় মো. শামছুল আলমকে মনোনয়ন দেওয়া হয়েছে।’
মাটিরাঙ্গা পৌর নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তা মো. নুরুল আলম বলেন, মাটিরাঙ্গা পৌরসভায় মেয়র পদে আওয়ামী লীগের শামছুল আলম, বিএনপির মো. বাদশা মিয়া ও ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. আলী আশরাফসহ তিনজন মনোয়নপত্র জমা দিয়েছেন।
এ ছাড়া সাধারণ কাউন্সিলর পদে ৪৪ জন ও সংরক্ষিত নারী আসনে আটজন মনোনয়নপত্র জমা দিয়েছেন।
খাগড়াছড়ি জেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু ইউসুফ চৌধুরী বলেন, ‘খাগড়াছড়ি ও মাটিরাঙ্গা পৌরসভায় আমাদের দলের কোনো বিদ্রোহী প্রার্থী নেই। খাগড়াছড়িতে আবদুল মালেক ও মাটিরাঙ্গায় মো. বাদশা মিয়াকে দল থেকে মনোনয়ন দেওয়া হয়েছে।’