বিদ্রোহী প্রার্থীর বৈঠকে হামলার পর সুষ্ঠু ভোট নিয়ে শঙ্কা
গত সোমবার রাতে বরগুনা শহরে আওয়ামী লীগের ‘বিদ্রোহী’ প্রার্থী বর্তমান মেয়র শাহাদাত হোসেনের উঠান বৈঠকে যুবলীগের নেতা-কর্মীদের হামলা ও ব্যাপক তাণ্ডবের পর সাধারণ ভোটার ও প্রার্থীদের মধ্যে সুষ্ঠু ভোট নিয়ে শঙ্কা দেখা দিয়েছে।
গতকাল মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত শহরের বিভিন্ন এলাকার ভোটারদের সঙ্গে আলাপকালে তাঁরা এই শঙ্কার কথা জানান। একই সঙ্গে সার্বিক পরিস্থিতি নিয়ে তাঁরা আতঙ্কে আছেন বলেও জানান। শুধু ভোটার নন, নির্বাচনের প্রতিদ্বন্দ্বী কয়েকজন মেয়র প্রার্থীও সুষ্ঠু ভোট নিয়ে শঙ্কা ব্যক্ত করেছেন।
শহরের লঞ্চঘাট এলাকার ক্ষুদ্র ব্যবসায়ী আবদুল মন্নান বলেন, ‘একজন প্রার্থীর ওপর গত সোমবার রাতে যেভাবে হামলা হয়েছে, তাতে আমরা ভোটকেন্দ্রে যেতে পারব, এর নিশ্চয়তা কী?’ আনোয়ার হোসেন নামে আরেক ক্ষুদ্র ব্যবসায়ী বলেন, ‘নির্বাচনের প্রচার শুরু হওয়ার প্রথম দিনই যে তাণ্ডব দেখলাম, তাতে ভোট দিতে পারব কি না, সন্দেহ আছে।’
বিএনপির প্রার্থী ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক এস এম নজরুল ইসলাম গতকাল প্রথম আলোকে বলেন, ‘সোমবার রাতে একজন মেয়র প্রার্থী ও তাঁর সমর্থকদের ওপর উঠান বৈঠকে যে নির্দয় হামলা হয়েছে, তা নিন্দার ভাষা আমার জানা নেই। একজন মানুষ নির্বাচনে প্রার্থী হতে পারবেন না, তাঁকে ঘরে তুলে দেওয়া হবে, এটা তো গণতন্ত্রের ভাষা নয়। প্রচার শুরু হওয়ার দিনই এ ধরনের সন্ত্রাসী ঘটনার পরিপ্রেক্ষিতে আমরা এমনকি সাধারণ মানুষ শঙ্কিত।’
অপর মেয়র প্রার্থী ও জেলা আওয়ামী লীগের সদস্য সাবেক মেয়রমো. শাহজাহান বলেন, ‘সোমবার রাতে যে ঘটনা ঘটেছে, তা সুষ্ঠু ভোট গ্রহণের ক্ষেত্রে একটি বড় অন্তরায়।’
এদিকে সোমবার রাতের হামলার পর শাহাদাত হোসেনের গতকাল মঙ্গলবার নির্ধারিত নির্বাচনী প্রচারণা বাতিল করা হয়। গতকাল দিনভর শাহাদাত হোসেন তাঁর পুলিশ লাইনস এলাকার বাড়িতে অবস্থান করেন। সেখানে তাঁর সমর্থকেরা ভিড় করেন।
শাহাদাত হোসেন প্রথম আলোকে বলেন, ‘সোমবার রাতে যেভাবে সাধারণ মানুষ ও আমার ওপর যে অতর্কিত হামলা হয়েছে এবং এরপর যেভাবে শহরজুড়ে মহড়া দিয়ে তাণ্ডব চালানো হয়, তাতে আমার জীবনের নিরাপত্তা নিয়ে আমি সংশয়ে আছি।’
তিনি আরও বলেন, ‘আমাকে ও আমার স্ত্রী, মেয়ে-জামাতাসহ ৪০ থেকে ৫০ জন সমর্থককে আহত করা হয়েছে। হামলাকারীদের উদ্দেশ্য হলো আমি যাতে মাঠছাড়া হই। এখানে প্রশাসন নিরাপত্তা না দিলে প্রচারণা চালাব কীভাবে?’
এদিকে আওয়ামী লীগের প্রার্থী ও জেলা যুবলীগের সভাপতি কামরুল আহসান গতকাল দুপুরে বরগুনা প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে বলেন, ‘সোমবারের ঘটনাটি অনাকাঙ্ক্ষিত।’ তিনি দাবি করেন, ‘সোমবার রাতে শাহাদাত হোসেনের সমাবেশের পাশ দিয়ে আমার কর্মীরা মিছিল নিয়ে যাওয়ার সময়উসকানি দেওয়া হয় এবং একপর্যায়ে সমাবেশ থেকে আমার কর্মীদের ওপর প্রথম হামলা করা হয়।’
এদিকে উদ্ভূত পরিস্থিতিতে গতকাল বিকেল চারটায় বরগুনা জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে বরগুনা পৌরসভার মেয়র প্রার্থীদের নিয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা ও নির্বাচনী আচরণবিধি সম্পর্কে অবহিত করার লক্ষ্যে সভা হয়।
বৈঠকে প্রার্থীদের আচরণবিধি মেনে চলার জন্য নির্দেশনা দেওয়া হয়। সভায় রিটার্নিং কর্মকর্তা মো. আবদুল্লাহ বলেন, নির্বাচনী আচরণবিধি অবশ্যই প্রার্থীদের মেনে চলতে হবে। যাঁরা তা লঙ্ঘন করবেন, তাঁদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
সুষ্ঠু নির্বাচন নিয়ে ভোটার ও প্রার্থীদের শঙ্কার বিষয়ে জানতে চাইলে বরগুনা জেলা প্রশাসক মীর জহুরুল হক বলেন, ‘নির্বাচন অবাধ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে আমরা বদ্ধপরিকর। এখানে আতঙ্কিত হওয়ার কিছু নেই। অবশ্যই নির্বাচন অবাধ ও নিরপেক্ষ হবে।’
প্রসঙ্গত, সোমবার রাতে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী বর্তমান মেয়র শাহাদাত হোসেনের পক্ষে শহরের ডিকেপি মাধ্যমিক বিদ্যালয় মাঠে উঠান বৈঠকে পাইপ, রড ও ধারালো অস্ত্র নিয়ে যুবলীগের একদলনেতা-কর্মী আওয়ামী লীগ মনোনীত প্রার্থী কামরুল আহসানের পক্ষে স্লোগান দিয়ে হামলা চালান।
এ নিয়ে গতকাল মঙ্গলবার প্রথম আলোয় ‘আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীর প্রচারণায় যুবলীগের হামলা’ শিরোনামে সংবাদ ছাপা হয়।