বিদ্রোহীদের চাপে কোণঠাসা আ.লীগ-বিএনপির প্রার্থীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার আটটি ইউনিয়ন পরিষদে (ইউপি) ৩৮ জন চেয়ারম্যান প্রার্থী জোরেশোরে নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন। আওয়ামী লীগ ও বিএনপি দুই দলেই বিদ্রোহী প্রার্থী থাকায় দলীয় প্রার্থীরা অনেকটা কোণঠাসা হয়ে পড়েছেন। ২৩ এপ্রিল এখানে ভোট।

তালম ইউপিতে আওয়ামী লীগের প্রার্থী আবাস-উজ-জামান ও বিদ্রোহী প্রার্থী ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি জয়নুল আবেদীন। এখানে বিএনপির প্রার্থী আবুল কাশেম সরকার ও স্বতন্ত্র প্রার্থী বাবলু হোসেন। আবাস-উজ-জামান বলেন, দলের নেতা-কর্মী ও সাধারণ জনগণের সমর্থন তাঁর পক্ষে রয়েছে। জয়নুল আবেদীন বলেন, ‘সাধারণ কর্মীরা সবাই গোপনে আমার সঙ্গে আছেন। দল থেকে আমাকে নানাভাবে হুমকি দেওয়া হচ্ছে।’

বারুহাঁসে আওয়ামী লীগের প্রার্থী মোক্তার হোসেন, বিদ্রোহী হিসেবে মাঠে রয়েছেন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুর রাজ্জাক। এখানে বিএনপির প্রার্থী হাসান ইকবাল শহীদ ও বিদ্রোহী প্রার্থী উপজেলা বিএনপির সদস্য মো. আসাদুজামান। এ ছাড়া স্বতন্ত্র প্রার্থী রয়েছেন আজিজুর রহমান, নুরুল ইসলাম ও হাবিবুর রহমান। মোক্তার হোসেন বলেন, আজিজুর রহমানের পক্ষ নিয়ে ঢাকা বিদ্যুৎ বিতরণ কোম্পানির চেয়ারম্যান নজরুল ইসলাম বিভিন্ন গ্রামে গিয়ে বিদ্যুতায়নসহ উন্নয়নের নানা প্রতিশ্রুতি দিচ্ছেন। সরকারি গাড়ি নিয়ে নিয়মবহির্ভূতভাবে প্রচারণায় অংশ নিচ্ছেন। এ বিষয়ে প্রশাসনের কাছে অভিযোগ করা হলেও লাভ হয়নি। এ বিষয়ে আজিজুর রহমান বলেন, নির্বাচনে পরাজয় ভেবে দলীয় প্রার্থীরা নানা ধরনের অপপ্রচার চালাচ্ছেন। নজরুল ইসলাম বলেন, ‘জরুরি পারিবারিক কাজে গ্রামের বাড়িতে গিয়েছিলাম আত্মীয়স্বজনের সঙ্গে দেখা করতে। কারও পক্ষে ভোট চাইতে নয়। আমি বিদ্যুৎ সেক্টরে দায়িত্ব পালন করছি বিধায় এলাকার লোকজন আমার কাছে বিদ্যুতের বিষয়ে আসতেই পারেন। নির্বাচনী প্রতিশ্রুতি দেওয়া হয়নি।’

সগুনা ইউপিতে বিএনপির প্রার্থী বর্তমান চেয়ারম্যান আবু সাইদ। আওয়ামী লীগের প্রার্থী টি এম আবদুল্লা হেল বাকী, বিদ্রোহী হয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সম্পাদক আবদুল হালিম মণ্ডল। এখানে স্বতন্ত্র প্রার্থী সিরাজুল ইসলাম ও রবিউল করিম। মাগুড়াবিনোদে আওয়ামী লীগের প্রার্থী আতিকুল ইসলাম ও বিএনপির প্রার্থী গোলাম আজম। এখানে স্বতন্ত্র প্রার্থী আবদুল হালিম। নওগাঁ ইউপিতে আওয়ামী লীগের প্রার্থী মোফাজ্জল হোসেন। বিদ্রোহী হয়েছেন উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা সদস্য মিজানুর রহমান। এখানে বিএনপির প্রার্থী আমিরুল ইসলাম। স্বতন্ত্র প্রার্থী হয়েছেন শামছুল আলম শেখ। তাড়াশ সদরে আওয়ামী লীগের প্রার্থী বাবুল শেখ। বিদ্রোহী হয়েছেন সাবেক যুবলীগ নেতা মীর শহিদুল ইসলাম। এখানে বিএনপির প্রার্থী বর্তমান চেয়ারম্যান খন্দকার আবু সাঈদ। বিদ্রোহী হয়েছেন উপজেলা ছাত্রদলের সভাপতি রাজিব আহম্মেদ।

মাধাইনগর ইউপিতে আওয়ামী লীগের প্রার্থী আবু হাসান মির্জা, বিদ্রোহী হয়েছেন উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা সদস্য জহুরুল ইসলাম। বিএনপির প্রার্থী বর্তমান চেয়ারম্যান সাইদুর রহমান, বিদ্রোহী হয়েছেন আবুল বাশার সরকার। এখানে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী হয়েছেন মো. মনিরুজ্জামান। দেশীগ্রামে আওয়ামী লীগ থেকে আবদুল কুদ্দুস ও বিএনপি থেকে জমশের আলী প্রার্থী হয়েছেন। স্বতন্ত্র প্রার্থী রয়েছেন জ্যোতিষ চন্দ্র মাহাতো, আবদুর রহিম সরকার, আবদুস সামাদ ও মোসলেম উদ্দীন।

থানা বিএনপির সাধারণ সম্পাদক আফসার আলী বলেন, ‘বিদ্রোহী থাকলেও তাঁরা শেষ পর্যায়ে দলীয় মনোনীত প্রার্থীর পক্ষে আসবেন। নির্বাচন সুষ্ঠু হবে কি না, এ নিয়ে শঙ্কিত রয়েছি।’ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সনজীব কুমার বলেন, ‘দলের নিয়ম ভঙ্গ করায় বিদ্রোহী প্রার্থীদের বহিষ্কার করা হয়েছে। নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবে।’