বিদ্রোহীদের চাপে নৌকা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পিরোজপুরের পাঁচ উপজেলার ১৭টি ইউনিয়ন পরিষদে (ইউপি) চেয়ারম্যান পদে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আছেন। দলীয় প্রার্থীর বিরুদ্ধে বিদ্রোহী প্রার্থীদের বহিষ্কার করার সিদ্ধান্ত থাকলেও তা মানা হয়নি এ জেলায়। অদৃশ্য শক্তির প্রভাবে বিদ্রোহী প্রার্থীদের চাপে ১০টি ইউনিয়নে কোণঠাসা হয়ে পড়েছেন আওয়ামী লীগের প্রার্থীরা।
খোঁজ নিয়ে জানা গেছে, জেলার সাতটি উপজেলার ৪০টি ইউপিতে ২২ মার্চ নির্বাচন হবে। এর মধ্যে সদর উপজেলার চার ইউপির তিনটিতে, মঠবাড়িয়ায় ১০টি ইউপির পাঁচটিতে, কাউখালীর পাঁচটি ইউপির একটিতে, নেছারাবাদের ১০টি ইউপির চারটিতে ও নাজিরপুরের পাঁচটি ইউপির চারটিতে বিদ্রোহী প্রার্থী আছেন। ভান্ডারিয়া ও জিয়ানগর উপজেলার ছয়টি ইউনিয়নে আওয়ামী লীগের কোনো বিদ্রোহী প্রার্থী নেই।
আওয়ামী লীগের নয়জন চেয়ারম্যান পদপ্রার্থী বলেন, সাংসদ, সাবেক সাংসদ, উপজেলা চেয়ারম্যানসহ প্রভাবশালী ব্যক্তিদের পরোক্ষ সমর্থনের কারণে ১০ থেকে ১২টি ইউনিয়নে বিদ্রোহী প্রার্থীরা আওয়ামী লীগের প্রার্থীর সমর্থকদের ওপর হামলা ও ভয়ভীতি দেখাচ্ছেন। বিদ্রোহী প্রার্থীর চাপে কোণঠাসা হয়ে পড়েছেন নৌকার প্রার্থীরা।
সদর উপজেলার শারিকতলা ডুমুরিতলা ইউপির আওয়ামী লীগের প্রার্থী বর্তমান চেয়ারম্যান জি এম ফিরোজ রব্বানী। এখানে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হয়েছেন মিরাজুর রহমান। টোনায় আওয়ামী লীগের প্রার্থী হেমায়েত হোসেন তালুকদার। এখনে বিদ্রোহী প্রার্থী হয়েছেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন হাওলাদার। কদমতলায় আওয়ামী লীগের প্রার্থী হানিফ খান। এখানে বিদ্রোহী প্রার্থী হয়েছেন সদর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. কামরুজ্জামান। শারিকতলা ডুমুরিতলা ও কদমতলা ইউপিতে বিদ্রোহী প্রার্থীর পক্ষে পরোক্ষ সমর্থন রয়েছে জেলা আওয়ামী লীগের এক শীর্ষ নেতার। আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীর কারণে তিন ইউনিয়নে বিএনপির প্রার্থী সুবিধাজনক অবস্থানে আছেন।
কদমতলা ইউপিতে আওয়ামী লীগের প্রার্থী হানিফ খান বলেন, ‘দলের বিদ্রোহী প্রার্থী থাকার কারণে আমার সমস্যা হচ্ছে। বিদ্রোহী প্রার্থীর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার কথা থাকলেও তা করা হয়নি।’
নাজিরপুর উপজেলার মালিখালী ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী হয়েছেন বর্তমান চেয়ারম্যান সুমন মণ্ডল। এখানে বিদ্রোহী প্রার্থী হয়েছেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক টিপু সুলতান। শাখারীকাঠিতে আওয়ামী লীগের প্রার্থী বর্তমান চেয়ারম্যান মো. আক্তারুজ্জামান। এখানে বিদ্রোহী প্রার্থী হয়েছেন শাখারীকাঠি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খালিদ হোসেন। মাটিভাঙ্গায় আওয়ামী লীগের প্রার্থী বেলায়েত হোসেন। এখানে বিদ্রোহী প্রার্থী হয়েছেন জাহিদ হোসেন। শেখমাটিয়ায় আওয়ামী লীগের প্রার্থী এস এম কাইউম উজ্জামান। এখানে বিদ্রোহী প্রার্থী হয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান হাওলাদার।
মালিখালী, শাখারীকাঠি ও মাটিভাঙ্গা ইউপির আওয়ামী লীগের প্রার্থীরা অভিযোগ করেন, বিদ্রোহী প্রার্থীদের পক্ষে প্রচারণায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি এবং যুবলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক অংশ নিয়েছেন। দলের বিদ্রোহী প্রার্থীদের বহিষ্কার না করে উল্টো উপজেলা আওয়ামী লীগ ও যুবলীগের নেতারা তাঁদের (বিদ্রোহী প্রার্থী) পক্ষ নিয়ে আমাদের সমর্থকদের ভয়ভীতি দেখাচ্ছেন।
তবে উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল মালেক ব্যাপারী অভিযোগ অস্বীকার করে বলেন, ‘আমরা বিদ্রোহী প্রার্থীদের সমর্থন দেইনি।’
মঠবাড়িয়া উপজেলার ধানীসাফা ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী হারুন অর রশিদ। এখানে বিদ্রোহী প্রার্থী হয়েছেন বর্তমান চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মিয়া মো. ফারুক। মিরুখালী ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী বর্তমান চেয়ারম্যান আবদুস সোবাহান শরিফ। এখানে বিদ্রোহী প্রার্থী হয়েছেন ইউনিয়ন যুবলীগের সভাপতি মুরাদ মিয়া।
আমড়াগাছিয়া ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী বর্তমান চেয়ারম্যান সুলতান মিয়া। এখানে বিদ্রোহী প্রার্থী হয়েছেন ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক মোশারেফ হোসেন শরীফ। দাউদখালী ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী ফজলুল হক খান। এখানে বিদ্রোহী প্রার্থী হয়েছেন ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য জাহিদুল আলম। বড় মাছুয়া ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী নাসির হাওলাদার। এখানে বিদ্রোহী প্রার্থী হয়েছেন ইউনিয়ন যুবলীগের সভাপতি মাইনুল ইসলাম। আমড়াগাছিয়া ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী সুলতান মিয়া অভিযোগ করেন, ‘বিদ্রোহী প্রার্থী মোশারেফ হোসেনের সমর্থকদের বাধায় আমি প্রচারণা চালাতে পারছি না। বিদ্রোহী প্রার্থীর সন্ত্রাসীদের ভয়ে আমি মাঠছাড়া।’
নেছারাবাদের গুয়ারেখা ইউপিতে আওয়ামী লীগের প্রার্থী সুব্রত কুমার ঠাকুর। এখানে বিদ্রোহী প্রার্থী হয়েছেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হীরালাল বড়াল। সারেংকাঠি ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী নজরুল ইসলাম। এখানে বিদ্রোহী প্রার্থী হয়েছেন বর্তমান চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. সায়েম। সমুদয়কাঠি ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী বর্তমান চেয়ারম্যান মাহমুদ করিম। এখানে বিদ্রোহী প্রার্থী হয়েছেন সাবেক ছাত্রলীগ নেতা জিয়া উদ্দিন। দৈহারিতে আওয়ামী লীগের প্রার্থী প্রগতি মণ্ডল। এখানে বিদ্রোহী প্রার্থী হয়েছেন বর্তমান চেয়ারম্যান মিজানুর রহমান। গুয়ারেখা ও সারেংকাঠি ইউনিয়নে বিদ্রোহী প্রার্থী জেলা আওয়ামী লীগের এক শীর্ষ নেতার ঘনিষ্ঠ। দৈহারি ইউপিতে বিদ্রোহী প্রার্থী আওয়ামী লীগের সাবেক এক সাংসদের অনুসারী।
কাউখালীর চিরাপাড়া পারসাতুরিয়ায় আওয়ামী লীগের প্রার্থী মাহামুদ খান। এখানে বিদ্রোহী প্রার্থী হয়েছেন ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ইসাহাক আলী খান পান্নার বড় ভাই ও উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সম্পাদক জাফর আলী খান।
পিরোজপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ হাকিম বলেন, ‘আমাদের দলের সাধারণ সম্পাদক বিবৃতি দিয়ে বলেছেন যে দলের বিদ্রোহী প্রার্থীদের বহিষ্কার করা হয়েছে। এরপর আমাদের আর তাঁদের (বিদ্রোহী প্রার্থী) বহিষ্কার করার প্রয়োজন নেই। তাঁরা সবাই এখন দল থেকে বহিষ্কৃত।’