সিলেটের কোম্পানীগঞ্জ ও গোয়াইনঘাট উপজেলার ১৩টি ইউনিয়ন পরিষদের (ইউপি) মধ্যে পাঁচটিতে আওয়ামী লীগ ও দুটিতে বিএনপির চেয়ারম্যান প্রার্থী জয়ী হয়েছেন। চারটিতে আওয়ামী লীগের ও দুটিতে বিএনপির ‘বিদ্রোহী’ প্রার্থী জয়ী হয়েছেন। এ ঘটনায় তৃণমূলের নেতা-কর্মীরা ভুল প্রার্থী বাছাইকে দায়ী করছেন। গত বৃহস্পতিবার এসব ইউপিতে ভোট গ্রহণ হয়।
জানতে চাইলে নাম প্রকাশ না করার শর্তে আওয়ামী লীগ ও বিএনপির বিভিন্ন পর্যায়ের সাতজন নেতা বলেন, কিছু ব্যতিক্রম বাদে জেলা ও উপজেলা পর্যায় থেকে ক্ষমতার জোরে চেয়ারম্যান প্রার্থী নির্বাচন করা হয়েছে। এসব কারণে সাধারণ ভোটাররা সেসব প্রার্থীকে মেনে নেননি।
ফলাফল বিশ্লেষণ করে দেখা গেছে, কোম্পানীগঞ্জের পশ্চিম ইসলামপুর ইউপিতে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের প্রার্থী শাহ জামাল উদ্দিন।
পূর্ব ইসলামপুরে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন বিএনপির বিদ্রোহী প্রার্থী বাবুল মিয়া। এই ইউনিয়নে আওয়ামী লীগের এক কর্মী বলেন, দলীয় ও বিদ্রোহী প্রার্থীর ভোট যোগ করলে দেখা যায়, এখানে আওয়ামী লীগের প্রার্থীই বিজয়ী হতেন।
তেলিখাতে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের বিদ্রোহী কাজী আবদুল ওদুদ আলফু। দক্ষিণ রণিখাই ইউপিতে আওয়ামী লীগের বিদ্রোহী সিদ্দিকুর রহমান বিজয়ী হয়েছেন। উত্তর রণিখাই ইউপিতে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগের বিদ্রোহী ফরিদ উদ্দিন। তাঁর প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের জালাল মিয়া। ইছাকলস ইউপিতে বিএনপির বিদ্রোহী কুটি মিয়া বিজয়ী হয়েছেন।
গোয়াইনঘাট উপজেলার রুস্তুমপুর ইউপিতে বিএনপির মোহাম্মদ শাহাব উদ্দিন বিজয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির বিদ্রোহী আবুল কালাম আজাদ। পশ্চিম জাফলং ইউপিতে আওয়ামী লীগের আবদুস সালাম বিজয়ী হয়েছেন।
পূর্ব জাফলং ইউপিতে আওয়ামী লীগের বিদ্রোহী লুৎফুর রহমান বিজয়ী হয়েছেন। আলীরগাঁও ইউপিতে আওয়ামী লীগের মো. গোলাম কিবরিয়া হেলাল জয়ী হয়েছেন।
ফতেহপুর ইউপিতে আওয়ামী লীগের মো. আমিনুর রহমান চৌধুরী বিজয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী মিনহাজ উদ্দিন। নন্দিরগাঁও ইউপিতে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগের এস কামরুল হাসান। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির জামাল উদ্দিন আহমদ।
তোয়াকুল ইউপিতে বিএনপির খালেদ আহমেদ বিজয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের মো. লোকমান আহমেদ।
জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আহমদ বলেন, তৃণমূলের মতামতের ভিত্তিতেই প্রার্থী দেওয়া হয়েছিল। ভোটারদের কাছে বিবেচিত হওয়ার কারণেই বিএনপির দুজন বিদ্রোহী প্রার্থী জয়লাভ করেছেন।
জেলা আওয়ামী লীগের উপ দপ্তর সম্পাদক জগলু চৌধুরী বলেন, দু-একটা ক্ষেত্রে হয়তো প্রার্থী বাছাইয়ে ভুলভ্রান্তি ছিল। তবে দলের প্রতি ত্যাগ ও আনুগত্য যাঁরা অতীতে প্রদর্শন করেছেন বা করছেন, তাঁদের মনোনয়ন দেওয়া হয়েছিল।