বিদ্রোহীদের বশে আনতে হিমশিম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার শিবগঞ্জ উপজেলায় ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে দলের বিদ্রোহী প্রার্থীদের বশে আনতে হিমশিম খাচ্ছে আওয়ামী লীগ ও বিএনপি। দলের মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করতে অনেকেই অনড় রয়েছেন।
দুই দলের চারজন বিদ্রোহী প্রার্থী ও ১০-১২ জন ভোটারের সঙ্গে কথা বলে জানা যায়, ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে একক প্রার্থী করতে আওয়ামী লীগ ও বিএনপির উপজেলা নেতারা চেষ্টা করলেও শেষ পর্যন্ত তা নিষ্ফল হওয়ার পথে। দল থেকে বহিষ্কারের খড়্গ নিয়েও নির্বাচনে থাকতে চায় বিদ্রোহীদের বড় একটি অংশ। তাই অনেকে মুঠোফোন বন্ধ রেখে প্রচারণা চালাচ্ছেন। উপজেলার ১২টি ইউপির নয়টিতে আওয়ামী লীগের ১৩ জন বিদ্রোহী ও আট ইউপিতে বিএনপির ১০ জন বিদ্রোহী রয়েছেন।
উপজেলা নির্বাচন কার্যালয় সূত্র জানায়, উপজেলায় ইউপির ভোট ৩১ মার্চ অনুষ্ঠিত হবে। নির্বাচনে ১২টি ইউনিয়নে ৭৪ জন চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছেন।
নাম প্রকাশে অনিচ্ছুক আটমূল ইউপির এক প্রার্থী বলেন, ‘দল আমাকে মনোনয়ন না দিয়ে গণবিচ্ছিন্ন একজনকে মনোনয়ন দিয়েছে। তাই মনোনয়নপত্র প্রত্যাহারের জন্য যত অনুরোধই আসুক না কেন, এলাকার মানুষের দাবির মুখে আমার নির্বাচন না করে কোনো উপায় নেই।’
উপজেলার ছয়টি ইউনিয়নে আওয়ামী লীগ ও বিএনপির অন্তত ১৫ জন নেতা-কর্মীর সঙ্গে কথা বলে জানা গেছে, দলের মনোনয়ন না পেয়ে বিদ্রোহীরা স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন। বিদ্রোহীদের নিয়ে দলীয় প্রার্থীরা বিব্রতকর অবস্থায় রয়েছেন।
উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক তাজুল ইসলাম বলেন, অবিলম্বে প্রার্থিতা প্রত্যাহার করতে বিদ্রোহীদের চিঠি দেওয়া হয়েছে। তাঁদের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে। তারপরও কেউ প্রার্থী থাকলে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোস্তাফিজার রহমান বলেন, ‘অনেকে দলীয় মনোনয়ন না পেয়ে রাগে-অভিমানে মনোনয়নপত্র জমা দিয়েছেন। তাঁদের প্রার্থিতা প্রত্যাহারের ব্যাপারে আমরা চেষ্টা চালাচ্ছি। ১২ মার্চ এ জন্য বর্ধিত সভা আহ্বান করা হয়েছে। আশা করি, সব ঠিক হয়ে যাবে।’