বিদ্রোহীদের সঙ্গে লড়াই হবে নৌকার প্রার্থীদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার সাতটি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের ১০ জন বিদ্রোহী আছেন। অনেকের ধারণা, আওয়ামী লীগ মনোনীত প্রার্থীদের সঙ্গে বিদ্রোহীদের লড়াই হবে।
ভোটার ও দলীয় নেতা-কর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে, ২৮ মে অনুষ্ঠেয় নির্বাচনে এসব ইউপিতে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী বেশি হওয়ায় তৃণমূল পর্যায়ে নেতা-কর্মীরা দ্বিধাবিভক্ত হয়ে পড়েছেন। ভোটের ফলাফলে তা নেতিবাচক প্রভাব ফেলবে বলে মনে করছেন তাঁরা। এ সাতটি ইউপিতে তৃণমূল নেতা-কর্মীদের একটি বড় অংশ প্রকাশ্যে ও গোপনে বিদ্রোহী প্রার্থীদের পক্ষে কাজ করছে। এ কারণে বেশির ভাগ ইউপিতে আওয়ামী লীগের প্রার্থীর সঙ্গে বিদ্রোহী প্রার্থীদের মূল লড়াই হবে।
আওয়ামী লীগের দলীয় সূত্রে জানা গেছে, বাহাদুরাবাদ ইউপিতে আওয়ামী লীগ মনোনয়ন দিয়েছে মো. শাকিরুজ্জামানকে। এখানে বিদ্রোহী প্রার্থী শাজাহান মিয়া ও মো. আলামিন। হাতিভাঙা ইউপিতে আওয়ামী লীগের প্রার্থী মুহম্মদ দৌলত হোসেন। দলের বিদ্রোহী প্রার্থী শাজাহান আকন্দ। চরআমখাওয়া ইউপিতে আওয়ামী লীগের প্রার্থী মো. শহিদুর রহমান। এখানে বিদ্রোহী প্রার্থী আজিজুর রহমান। চুকাইবাড়ী ইউপিতে আওয়ামী লীগের প্রার্থী মো. সেলিম খান। এখানে বিদ্রোহী প্রার্থী মো. মঞ্জুরুল হক। পাররামরামপুর ইউপিতে আওয়ামী লীগের প্রার্থী মো. ফজলে রাব্বী। এখানে দলের বিদ্রোহী প্রার্থী আল লেমন, সোহেল রানা ও সুরুজ উদ্দিন। ডাংধরা ইউপিতে আওয়ামী লীগের প্রার্থী মো. আজিজুর রহমান। এখানে বিদ্রোহী প্রার্থী শাহ মো. মাসুদ। দেওয়ানগঞ্জ ইউপিতে আওয়ামী লীগের প্রার্থী মো. আক্রামুজ্জামান। দলের বিদ্রোহী প্রার্থী সামিউল হক ও মো. মাসুদ রানা।
বাহাদুরাবাদ ইউপির বিদ্রোহী প্রার্থী মো. আলামিন বলেন, ‘মনোনয়নের জন্য বিপুল পরিমাণ অর্থ ব্যয় করতে পারিনি। তাই এলাকায় ব্যাপক জনসমর্থন থাকা সত্ত্বেও আমাকে দলীয় মনোনয়ন দেওয়া হয়নি। বিদ্রোহী প্রার্থী হিসেবে নির্বাচনী মাঠে রয়েছি। শেষ পর্যন্ত থাকব।’
বাহাদুরাবাদ ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক ফিরোজ মিয়া প্রথম আলোকে বলেন, বিদ্রোহী প্রার্থীরা দলীয় প্রার্থীদের জন্য বিষফোড়া হয়ে দেখা দিয়েছেন। তাঁরা আওয়ামী লীগের প্রার্থীদের মূল প্রতিদ্বন্দ্বী হয়ে নির্বাচনী মাঠে রয়েছেন।
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ বলেন, নির্বাচনী এলাকায় জনপ্রিয়তা ও তৃণমূল নেতা-কর্মীদের মতামতের ভিত্তিতে যাচাই-বাছাই করে দলীয় প্রার্থী মনোনীত করা হয়েছে। মূলত তাঁদের অবস্থান এলাকায় ভালো। যাঁরা দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে বিদ্রোহী প্রার্থী হয়েছেন, তাঁদের ইতিমধ্যে দল থেকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে। তাই বিদ্রোহী প্রার্থীরা কর্মিশূন্য হয়ে পড়েছেন।