হবিগঞ্জ পৌরসভা নির্বাচনে মেয়র পদে বিএনপির দুই বিদ্রোহী প্রার্থী প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন গতকাল রোববার মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন। তবে আওয়ামী লীগের একমাত্র বিদ্রোহী প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করেননি।
দলীয় সূত্রে জানা গেছে, হবিগঞ্জ পৌরসভায় আওয়ামী লীগ থেকে মনোনয়ন দেওয়া হয় জেলা যুবলীগের সভাপতি আতাউর রহমান ওরফে সেলিমকে।
পাশাপাশি দলের এ সিদ্ধান্তের বাইরে প্রার্থী হন পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান। গতকাল মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন থাকলেও তিনি তাঁর সিদ্ধান্তে অটল থাকেন। ফলে আওয়ামী লীগ বিদ্রোহীমুক্ত হতে পারেনি।
আতাউর রহমান বলেন, কোনো ব্যক্তি দলীয় সিদ্ধান্তের বাইরে গেলে দল অবশ্যই তাঁর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেবে—এটা তিনি বিশ্বাস করেন।
মিজানুর রহমান বলেন, ‘দল আমাকে ছাড়লেও আমি দল ছাড়তে পারব না। কারণ, দলকে আমি ভালোবাসি। আমি জনগণের দাবির পরিপ্রেক্ষিতে মেয়র প্রার্থী হয়েছি। জনগণের প্রার্থী হয়ে মাঠে থাকব।’
এদিকে হবিগঞ্জ পৌরসভায় দল থেকে মনোনয়ন দেওয়া হয় জেলা বিএনপির সাধারণ সম্পাদক জি কে গউছকে। তিনি হবিগঞ্জ পৌরসভার সাময়িক বরখাস্ত হওয়া মেয়র। গউছ আওয়ামী লীগের নেতা সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়া হত্যা মামলায় অভিযুক্ত হয়ে বর্তমানে কারাগারে আছেন।
এদিকে দলীয় সিদ্ধান্তের বাইরে মনোনয়নপত্র জমা দেন হবিগঞ্জ পৌর বিএনপির সভাপতি আমিনুর রশিদ ওরফে এমরান এবং জেলা বিএনপির যুগ্ম সম্পাদক ও শ্রমিক দলের সভাপতি মোহাম্মদ ইসলাম তরফদার ওরফে তনু। তাঁরা বেশ কিছুদিন প্রচার-প্রচারণাও চালিয়েছিলেন।
আমিনুর রশিদ বলেন, নেত্রীর নির্দেশে দলের স্বার্থে তিনি গতকাল তাঁর মনোনয়ন প্রত্যাহার করে নিয়েছেন। একই কথা বলেন অন্য বিদ্রোহী প্রার্থী ইসলাম তরফদার।