বিদ্রোহীরাই আ.লীগের প্রার্থীদের হারের কারণ?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নওগাঁর মান্দা উপজেলার ১৪টি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে ৭টিতে হেরেছেন নৌকা প্রতীকের প্রার্থীরা। তৃণমূলের নেতা-কর্মীরা বলছেন, ১১টি ইউপিতে ‘বিদ্রোহী’ প্রার্থী থাকায় আওয়ামী লীগের এ অবস্থা।
গত শনিবার অনুষ্ঠিত নির্বাচনের বেসরকারি ফলাফল অনুযায়ী, এই সাতটি ইউপির তিনটিতে বিএনপি, দুটিতে বিএনপির বিদ্রোহী, একটিতে আওয়ামী লীগের বিদ্রোহী ও অন্যটিতে জামায়াত-সমর্থিত স্বতন্ত্র প্রার্থী জিতেছেন।
স্থানীয় নেতা-কর্মীদের সঙ্গে কথা বলে জানা যায়, নির্বাচনে ১১টি ইউপিতে আওয়ামী লীগের ১৩ বিদ্রোহী প্রার্থী মাঠে ছিলেন। বিদ্রোহী প্রার্থীরা স্বতন্ত্র হিসেবে নির্বাচন করলেও এর প্রভাব স্থানীয় নির্বাচনে ঠেকানো যায় না।
মৈনম ইউপিতে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ইয়াছিন আলী মণ্ডল ৫ হাজার ৩২৩ ও আনিছুর রহমান পেয়েছেন ৩ হাজার ৯৪২ ভোট। এর বিপরীতে আওয়ামী লীগের প্রার্থী আফাজ উদ্দীন খান পেয়েছেন ৬১১ ভোট।
বিজয়ী প্রার্থী ইয়াছিন আলী বলেন, ‘আমি দল থেকে মনোনয়ন চেয়েছিলাম, কিন্তু আমাকে মনোনয়ন দেওয়া হয়নি। স্বতন্ত্র হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে বিজয়ী হয়েছি। দলীয় প্রতীকে নির্বাচন করলে আরও বড় ব্যবধানে জয়ী হতাম।’ কাঁশোপাড়া ইউপিতে বিএনপির প্রার্থী সাইদুর রহমান মোল্লা জয় পেয়েছেন। এখানে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আবদুস সালাম ভোট পেয়েছেন প্রায় সাড়ে ৪ হাজার। আর আওয়ামী লীগের প্রার্থী ইয়াদ আলী মণ্ডল ২ হাজার ১৩৪ ভোট পেয়েছেন।
কশব ইউপিতে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আবদুল গফুর মণ্ডল প্রায় ৪ হাজার ভোট পেয়েছেন। আওয়ামী লীগের প্রার্থী ৭৫০ ভোট পেয়ে জামানত হারিয়েছেন। এই ইউপিতে সিপিবি-সমর্থিত স্বতন্ত্র প্রার্থী আনিছুর রহমান জিতেছেন।
পরানপুর, মান্দা সদর ও প্রসাদপুর ইউপিতেও প্রভাবশালী বিদ্রোহী প্রার্থী থাকায় দলীয় প্রার্থীরা পরাজিত হয়েছেন।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোল্লা এমদাদুল হক বলেন, অধিকাংশ ইউনিয়নে বিদ্রোহী প্রার্থী থাকায় দলের তৃণমূল নেতা-কর্মীরা একজোট ছিলেন না। মূলত এ কারণে দলীয় প্রার্থীদের হারতে হয়েছে। দলের প্রার্থী বাছাইয়ে ভুল ছিল কি না—জানতে চাইলে তিনি বলেন, ‘কোনো ভুল হয়নি। ওই বিদ্রোহীরা যদি দলের প্রার্থীর পক্ষে কাজ করতেন, তা হলে দলীয় প্রার্থীই জিততেন।’
অপরদিকে বিএনপির তৃণমূল নেতা-কর্মীরা তাঁদের পরাজয়ের কারণ হিসেবে বিদ্রোহী ও জামায়াতের প্রার্থীকে দায়ী করছেন। নয়টি ইউপিতে স্বতন্ত্র হিসেবে জামায়াত-সমর্থিত প্রার্থীরা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন। আর ছয়টিতে বিএনপির ছয়জন বিদ্রোহী প্রার্থী ছিলেন।
তেঁতুলিয়া ইউপিতে আওয়ামী লীগের প্রার্থী ব্রজেন্দ্রনাথ সাহা প্রায় সাড়ে ৪ হাজার ভোট পেয়ে জয়ী হয়েছেন। তাঁর নিকটতম বিএনপির বিদ্রোহী প্রার্থী আখেরুজ্জামান মোল্লা ৪ হাজার ১৩২ ভোট পেয়েছেন। জামায়াতের প্রার্থী এস এম মখলেছুর রহমান পেয়েছেন প্রায় ৩ হাজার ভোট। আর বিএনপির প্রার্থী পেয়েছেন ১ হাজার ৯৪১ ভোট।
তড়ানপুর ইউপিতে প্রায় ৫ হাজার ভোট পেয়ে জিতেছেন জামায়াত-সমর্থিত স্বতন্ত্র প্রার্থী ইলিয়াস খান। সেখানে বিএনপির প্রার্থী ২ হাজারের কম ভোট পেয়েছেন।
উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোখলেছুর রহমান বলেন, ‘জামায়াতের প্রার্থী ও দলের বিদ্রোহী প্রার্থীরা না থাকলে ১৪ ইউনিয়নের মধ্যে অন্তত ১০টিতেই বিএনপি জিতত। শত হুমকি-ধমকি সত্ত্বেও তিনটিতে বিএনপি এবং দুটিতে দলের বিদ্রোহীরা বিজয়ী হয়েছেন, এটাকে কম পাওয়া হিসেবে মনে করছি না।’