চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় আওয়ামী লীগ ও বিএনপি দুই দলেরই বিদ্রোহী প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন। একইভাবে মিরসরাই এবং বারইয়ারহাটেও আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীরা সরে দাঁড়িয়েছেন। তবে রাউজানে দুই বিদ্রোহী প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করলেও শেষ পর্যন্ত রয়ে গেছেন ছাত্রলীগের সাবেক এক নেতা।
রাউজানে আওয়ামী লীগের দুই বিদ্রোহী প্রার্থী গতকাল রোববার সরে দাঁড়িয়েছেন। তাঁরা হলেন উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মো. আনোয়ারুল ইসলাম ও উপজেলা আওয়ামী লীগের সদস্য স্বপন কুমার দাশগুপ্ত। তবে সাবেক ছাত্রলীগের নেতা সাইফুল ইসলাম চৌধুরী মনোনয়ন প্রত্যাহার করেননি।
এখানে সাইফুলসহ বর্তমানে চার মেয়র প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন। তাঁরা হলেন আওয়ামী লীগের দেবাশীষ পালিত, বিএনপির কাজী আবদুল্লাহ আল হাসান ও স্বতন্ত্র প্রার্থী মীর মোহাম্মদ মনছুর আলম। পৌরসভার সাধারণ নয়টি ওয়ার্ড এবং সংরক্ষিত তিনটি ওয়ার্ডে আগেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় ১২ জন কাউন্সিলর নির্বাচিত হয়েছেন।
রাঙ্গুনিয়ায় মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে গতকাল মেয়র পদে আওয়ামী লীগ ও বিএনপির দুই বিদ্রোহী প্রার্থী সরে দাঁড়িয়েছেন। তাঁরা হলেন উত্তর জেলা আওয়ামী লীগের বন ও পরিবেশবিষয়ক সম্পাদক কামরুল ইসলাম চৌধুরী ও বিএনপির সাবেক পৌর আহ্বায়ক মো. নুরুল আমিন। এ ছাড়া দুই স্বতন্ত্র প্রার্থী মো. ইমাম হোসেন ও মো. মফিজুল ইসলাম গতকাল প্রার্থিতা প্রত্যাহার করে নিয়েছেন।
রাঙ্গুনিয়ায় বর্তমানে মেয়র পদে তিনজন প্রার্থী রয়েছেন। তাঁরা হলেন আওয়ামী লীগের মো. শাহজাহান শিকদার, বিএনপির মোহাম্মদ হেলাল উদ্দিন খান ও স্বতন্ত্র প্রার্থী মো. মোজাম্মেল হক।
মিরসরাই পৌরসভায় মেয়র পদে জাতীয় পার্টির প্রার্থী মো. এরশাদ উল্লাহ ও স্বতন্ত্র প্রার্থী আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মো. মোজাহার হোসেন চৌধুরী সরে দাঁড়িয়েছেন। এখানে প্রতিদ্বন্দ্বিতায় থাকা তিনজন হলেন বিএনপির এ জেড এম রফিকুল ইসলাম, আওয়ামী লীগের গিয়াস উদ্দিন ও ইসলামী আন্দোলন বাংলাদেশের আরিফ মাঈন উদ্দিন প্রতিদ্বন্দ্বিতা করছেন বলে জানান সহকারী রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ তোফায়েল হোসেন।
বারইয়ারহাট পৌরসভায় লড়াই দুই প্রধান দলের মধ্যে হবে। এখানে আওয়ামী লীগের বিদ্রোহের আগুন নিভেছে। প্রতিদ্বন্দ্বিতা হবে আওয়ামী লীগের নিজাম উদ্দিন ও বিএনপির মঈন উদ্দিনের সঙ্গে। গতকাল আওয়ামী লীগের দুই বিদ্রোহী প্রার্থী রেজাউল করিম ও ফজলুল করিম নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন।
পৌর আওয়ামী লীগের সহসভাপতি ফজলুল করিম বলেন, ‘দলীয় সিদ্ধান্ত মেনে মনোনয়নপত্র প্রত্যাহার করেছি।’
বাঁশখালী পৌরসভা নির্বাচনে গতকাল মেয়র পদে জাতীয় পার্টির প্রার্থী মো. ইব্রাহিম আল হোসাইন মনোনয়নপত্র প্রত্যহার করায় এখন লড়াই হবে আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে। তাঁরা হলেন আওয়ামী লীগের সেলিমুল হক চৌধুরী ও বিএনপির মো. কামরুল ইসলাম হোসাইনী।
সন্দ্বীপে কোনো মেয়র প্রার্থী গতকাল শেষ দিনে প্রত্যাহার করেননি। এখানে বিএনপির আজমত উল্লাহ বাহাদুর ও আওয়ামী লীগের জাফরুল্লাহ মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন।