বিদ্রোহ-দ্বন্দ্বে আ.লীগ বিএনপিতে অস্বস্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজার সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ ও বিএনপি—দুই দলেই সমান অস্বস্তি বিরাজ করছে। আওয়ামী লীগের একজন তৃণমূলের ভোটে নির্বাচিত। অপরজন তা মানছেন না। অপরদিকে বিএনপিদলীয় দুই প্রার্থীই দাবি করছেন, তাঁরা কেন্দ্র-সমর্থিত।
আওয়ামী লীগ ও বিএনপি সূত্রে জানা গেছে, মৌলভীবাজার সদর উপজেলা নির্বাচনে আওয়ামী লীগ থেকে চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি মুহিবুর রহমান তরফদার ও সাংগঠনিক সম্পাদক কামাল হোসেন। সদর উপজেলা আওয়ামী লীগ গত ২২ ফেব্রুয়ারি মৌলভীবাজার প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে দলীয় প্রার্থী হিসেবে চেয়ারম্যান পদে মুহিবুর রহমান তরফদারের নাম ঘোষণা করে। সংবাদ সম্মেলনে জানানো হয়, কেন্দ্রীয় আওয়ামী লীগের নির্দেশ অনুযায়ী তৃণমূলের ভোটের মাধ্যমে প্রার্থী নির্ধারণ করা হয়েছে। প্রতিটি পদে একাধিক প্রার্থী ছিলেন। মুহিবুর রহমান তরফদার তৃণমূলের ১৩৯ ভোট এবং কামাল হোসেন ১৩০ ভোট পান।
সমাজকল্যাণমন্ত্রী সৈয়দ মহসীন আলীর বাড়িতে তৃণমূলের এই প্রার্থী নির্বাচনকে অনিয়মতান্ত্রিক বলে দাবি করেছেন কামাল হোসেন। তিনি প্রথম আলোকে বলেন, ‘আমি প্রধানমন্ত্রীর কাছে লিখিতভাবে বিচারপ্রার্থী হয়েছি। মন্ত্রীর বাড়িতে প্রার্থী নির্বাচন করা বৈধ হয়নি। থানা (উপজেলা) আওয়ামী লীগের সিদ্ধান্ত অবৈধ।’
ওই সংবাদ সম্মেলনে সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মসুদ আহমদ বলেন, ‘অত্যন্ত সুন্দর পরিবেশে ভোট হয়েছে। অতীতে এত সুন্দরভাবে প্রার্থী নির্বাচন করা হয়নি।’ মন্ত্রীর বাড়িতে তৃণমূলের ভোট গ্রহণ প্রসঙ্গে তিনি জানান, ভবনের মালিক হয়তো মন্ত্রীর পরিবার। কিন্তু এই স্থানটি ২০০৬ সাল থেকে সদর উপজেলা আওয়ামী লীগের কার্যালয় হিসেবে ব্যবহূত হয়ে আসছে। দলের যাবতীয় কর্মকাণ্ড সেখানে হচ্ছে।
এই উপজেলায় চেয়ারম্যান পদে বিএনপি থেকেও প্রার্থী হয়েছেন দুজন। তাঁরা হলেন সদর উপজেলার বর্তমান চেয়ারম্যান ও দলের জেলা সভাপতি এম নাসের রহমানের নেতৃত্বাধীন অংশে সম্প্রতি যোগদানকারী আবদুল মছব্বির এবং জেলা ছাত্রদলের সাবেক সভাপতি মিজানুর রহমান। মিজানুর রহমান জেলা বিএনপির সাধারণ সম্পাদক খালেদা রব্বানী-সমর্থিত। দুই প্রার্থীর পক্ষ থেকেই দাবি করা হচ্ছে, কেন্দ্র থেকে তাঁদের সমর্থন দেওয়া হয়েছে।
চেয়ারম্যান পদপ্রার্থী মিজানুর রহমান বলেন, ‘কেন্দ্র-মনোনীত একমাত্র দলীয় প্রার্থী আমি।’ জেলা বিএনপির সাধারণ সম্পাদক খালেদা রব্বানী গত রোববার মৌলভীবাজার প্রেসক্লাবে দলীয় প্রার্থী হিসেবে মিজানুর রহমানের পক্ষে সংবাদ সম্মেলন করেন।
জেলা বিএনপির সভাপতি নাসের রহমান সম্প্রতি প্রথম আলোকে বলেন, ‘আমি ম্যাডামের (খালেদা জিয়া) সঙ্গে দেখা করে প্রার্থীর বিষয়টি তাঁকে বলেছি। তিনি বলেছেন আমার প্রার্থীকে (আবদুল মছব্বির) নিয়ে প্রচার চালাতে। এখন বিএনপির একক প্রার্থী নেই। নির্বাচন করে যে আসে, আসুক। এটা রাজনৈতিক দুর্ঘটনা।’