বিদ্রোহ নয়, পিলখানা হত্যাকাণ্ড সুদূরপ্রসারী নীলনকশা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সীমান্ত অরক্ষিত রেখে বাংলাদেশকে পরনির্ভরশীল করতে সরকার পরিকল্পিতভাবে বিডিআর হত্যাকাণ্ড ঘটিয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পিলখানা হত্যাকাণ্ডের তিন বছর উপলক্ষে গতকাল শনিবার বিকেলে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে বিএনপি আয়োজিত এক স্মরণসভায় সভাপতির বক্তব্যে মির্জা ফখরুল এই অভিযোগ করেন। তিনি বলেন, এটা কোনো সাধারণ হত্যাকাণ্ড বা বিদ্রোহ ছিল না। এটা সুদূরপ্রসারী নীলনকশা।বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের অভিযোগ, সরকার দেশের শক্তিশালী সেনাবাহিনীকে দুর্বল করতে এ ঘটনা ঘটিয়েছে। এরপর তারা এ ঘটনার সঙ্গে বিএনপি তথা বিরোধী দলকে জড়িয়েছে। তিনি এটাকে ‘সরকারের এক ঢিলে দুই পাখি মারা’ বলে মন্তব্য করেন। মির্জা ফখরুল বলেন, বিএনপির নেতা নাসিরউদ্দিন আহম্মেদ পিন্টুসহ অনেককে ষড়যন্ত্রমূলকভাবে এ ঘটনায় জড়ানো হয়েছে। অথচ ঘটনার পর আওয়ামী লীগের অনেক নেতার নাম সন্দেহের তালিকায় ছিল। সুকৌশলে তাঁদের বাদ দেওয়া হয়েছে। এমনকি গণমাধ্যমে সেসব নাম আসার পরও তাঁদের জিজ্ঞাসাবাদ পর্যন্ত করা হয়নি। মির্জা ফখরুল বলেন, সরকার কেবল প্রতিরক্ষা বাহিনীকেই ধ্বংস করেনি। তারা একে একে সব প্রতিষ্ঠান ধ্বংস করে দিচ্ছে। নির্বাচনব্যবস্থাকে নষ্ট করতে চাইছে। গণতান্ত্রিক ব্যবস্থা ধ্বংস করতেই তারা তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন বাতিল করেছে। জুলুমবাজ এ সরকারকে সরাতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন করতে হবে।বিএনপির স্থায়ী কমিটির সদস্য মাহবুবুর রহমান বলেন, পিলখানা হত্যাকাণ্ডের পুনঃ তদন্ত হতে হবে। মূল পরিকল্পনাকারীদের খুঁজে বের করে বিচার করতে হবে। তিনি অভিযোগ করেন, এখন যে বিচার চলছে, তা লোকদেখানো। স্মরণসভায় আরও বক্তৃতা দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আ স ম হান্নান শাহ, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা মেজর জেনারেল (অব.) ফজলে এলাহী আকবর, বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহাম্মদ ইব্রাহিম প্রমুখ।