বিদ্রোহ মাড়িয়ে অস্তিত্ব রক্ষার লড়াই বিএনপির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাবনার চাটমোহর উপজেলার পাঁচটি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে আওয়ামী লীগ ও বিএনপি দুই দলেই একাধিক বিদ্রোহী প্রার্থী স্বতন্ত্র প্রতীকে নির্বাচনে লড়ছেন। ফলে দুই দলেই নেতা-কর্মীরা দুই ভাগে বিভক্ত হয়ে পড়েছেন। এর মধ্যেও চারটি ইউনিয়নে বর্তমানে ক্ষমতায় থাকা বিএনপি আবার বিজয়ের স্বপ্ন দেখছে। অন্যদিকে পাঁচ ইউনিয়নেই জয়ের আশা করছে আওয়ামী লীগ।
উপজেলা নির্বাচন কর্মকর্তা সাখাওয়াত হোসেন বলেন, উপজেলার ১১টি ইউনিয়ন পরিষদের মধ্যে ২৩ এপ্রিল পাঁচ ইউনিয়নে নির্বাচন হবে। মেয়াদ উত্তীর্ণ না হওয়ায় বাকি ছয়টিতে নির্বাচন পরে হবে।
দুই দলের নেতা-কর্মীদের সঙ্গে কথা বলে জানা যায়, উপজেলার মথুরাপুর ইউনিয়নে আওয়ামী লীগ থেকে নির্বাচনে লড়ছেন বর্তমান চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সরদার আজিজুল হক। তাঁর বিপক্ষে অবস্থান নিয়েছেন উপজেলা আওয়ামী লীগের সদস্য নূর মোহাম্মদ বেনজীর। বিএনপি থেকে মনোনয়ন পেয়েছেন ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল কালাম আজাদ। তাঁর বিপক্ষে বিদ্রোহী প্রার্থী হিসেবে লড়ছেন বিএনপির আরও দুজন। তাঁরা হলেন ইউনিয়ন কৃষক দলের সভাপতি রেজাউল করিম ও ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ।
আওয়ামী লীগ প্রার্থী সরদার আজিজুল হক বলেন, ‘বিদ্রোহী বলে কোনো কথা নেই। সফলতার সঙ্গে দায়িত্ব পালন করেছি। ইউনিয়নবাসী আমার সঙ্গে রয়েছে।’
পার্শ্বডাঙ্গা ইউনিয়নে আওয়ামী লীগ থেকে নির্বাচন করছেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আজাহার আলী। ইউনিয়নটিতে আওয়ামী লীগের কোনো বিদ্রোহী প্রার্থী নেই। তবে বিএনপির প্রার্থী ইউনিয়ন বিএনপির সভাপতি ও বর্তমান চেয়ারম্যান রবিউল করিমের বিপক্ষে অবস্থান নিয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়ছেন বিএনপির সমর্থক আনোয়ার করিম।
বিএনপির প্রার্থী রবিউল করিম বলেন, ‘আমার এলাকায় বিএনপির ভোট বেশি। তৃণমূল নেতা-কর্মীরা আমাকে সমর্থন দিয়েছেন। কোনো বিদ্রোহেই কিছু হবে না। আশা করছি, ইউনিয়নবাসী আবারও আমাকে নির্বাচিত করবে।’
ফৈলজানা ইউনিয়নে আওয়ামী লীগ থেকে নির্বাচনে লড়ছেন হানিফ উদ্দিন। বিএনপি থেকে মনোনয়ন পেয়েছেন বর্তমান চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সভাপতি শাহজাহান আলী। এদিকে বিএনপি থেকে বিদ্রোহী প্রার্থী হিসেবে নির্বাচনে লড়ছেন ফজের আলী।
বর্তমান চেয়ারম্যান শাহজাহান আলী বলেন, ‘বিএনপিতে কোনো বিদ্রোহ নেই। দলীয় নেতা-কর্মী ও ইউনিয়নবাসী আমার পক্ষে।’
মুলগ্রাম ইউনিয়নে আওয়ামী লীগ থেকে নির্বাচনে লড়ছেন রাশেদুল ইসলাম, বিদ্রোহী প্রার্থী হয়ে তাঁর বিপক্ষে লড়ছেন কামরুল ইসলাম। বিএনপি থেকে একক প্রার্থী হিসেবে নির্বাচনে লড়ছেন বর্তমান চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সভাপতি গিয়াস উদ্দিন।
আওয়ামী লীগের প্রার্থী রাশেদুল ইসলাম বলেন, আওয়ামী লীগ সরকারি দল। উন্নয়ন করলে আওয়ামী লীগই করতে পারে। ইউনিয়নবাসী বিষয়টা ভালোভাবেই বুঝতে পেরেছে। তাই ভোট নৌকাতেই পড়বে।
বিএনপির প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান গিয়াস উদ্দিন বলেন, ‘স্বচ্ছতার সঙ্গে দায়িত্ব পালন করেছি। তাই ইউনিয়নবাসীর সমর্থন আমার দিকে। সুষ্ঠু নির্বাচন হলে ধানের শীষের বিজয় হবেই।’
ডিবিগ্রাম ইউনিয়নে আওয়ামী লীগ থেকে মনোনয়ন পেয়েছেন সাবেক চেয়ারম্যান নবীর উদ্দিন মোল্লা। তাঁর বিপক্ষে বিদ্রোহী প্রার্থী হিসেবে নির্বাচনে লড়ছেন আলম সরকার। বিএনপি থেকে নির্বাচনে লড়ছেন বর্তমান চেয়ারম্যান আনিসুর রহমান। এখানে বিএনপির দুজন বিদ্রোহী প্রার্থী রয়েছেন। তাঁরা হলেন মিজানুর রহমান ও আবদুর রাজ্জাক।
আওয়ামী লীগ প্রার্থী নবীর উদ্দিন বলেন, ‘গত কয়েক বছরে এলাকায় কোনো উন্নয়ন হয়নি। তাই ইউনিয়নের প্রতিটি মানুষ উন্নয়নের স্বার্থে এবার নৌকায় ভোট দেবেন বলে আমরা আশাবাদী।’
বিএনপির প্রার্থী আনিসুর রহমান বলেন, ‘আমি ইউনিয়নবাসীর কাছে পরীক্ষিত। তাঁদের সমর্থন নিয়েই নির্বাচনে লড়ছি। আশা করছি বিজয় আমারই হবে।’
জেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি রেজাউল রহিম বলেন, ‘বিএনপির ছলনায় এখন আর মানুষ ভোলে না। আমরা এলাকায় ঘুরছি। প্রতিটি মানুষ আওয়ামী লীগ প্রার্থীদের পক্ষে। ফলে পাঁচ ইউনিয়নেই আওয়ামী লীগের জয় হবে বলে আমরা আশাবাদী।’
জেলা বিএনপির দপ্তর সম্পাদক জহুরুল ইসলাম বলেন, আওয়ামী লীগের অত্যাচারে মানুষ অতিষ্ঠ। তাই মানুষ ধানের শীষের বিজয় চায়। সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হলে প্রতিটি ইউনিয়নে বিএনপির জয় হবে।