বিদ্রোহী কবির মৃত্যুবার্ষিকী আজ
‘গাহি সাম্যের গান,/ মানুষের চেয়ে বড় কিছু নাই নহে কিছু মহীয়ান’—মানবতার জয়গানে তিনি ছিলেন এমনি উচ্চকণ্ঠ; দ্রোহে ও প্রেমে, কোমলে-কঠোরে বাংলা সাহিত্য-সংগীতে দিয়েছেন নতুনতর মাত্রা। তিনি নিজেই বলেছিলেন, এক হাতে তাঁর বাঁশের বাঁশরী, আরেক হাতে রণতূর্য। তিনি অন্যায়-অবিচারের বিরুদ্ধে বিদ্রোহী, তিনি গানের বুলবুল—কাজী নজরুল ইসলাম।
আজ ১২ ভাদ্র বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪১তম মৃত্যুবার্ষিকী। ১৩৮৩ বঙ্গাব্দের এই দিনে তিনি ঢাকায় তদানীন্তন পিজি হাসপাতালে (বর্তমানে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়) শেষনিশ্বাস ত্যাগ করেন।
কর্মসূচি
জাতি আজ যথাযোগ্য মর্যাদায় গভীর শ্রদ্ধা আর ভালোবাসায় স্মরণ করবে জাতীয় কবিকে। এ উপলক্ষে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক ও পেশাজীবী সংগঠন ব্যাপক কর্মসূচি গ্রহণ করেছে। বাংলাদেশ বেতার, টেলিভিশন ও বিভিন্ন বেসরকারি টেলিভিশন চ্যানেল কবির মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিশেষ অনুষ্ঠানমালা প্রচারের উদ্যোগ নিয়েছে।
আজ ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যথাযোগ্য মর্যাদায় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪১তম মৃত্যুবার্ষিকী পালন করবে। ফজর নামাজের পর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে কোরআনখানি অনুষ্ঠিত হবে।