রাজবাড়ীর কালুখালী উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীকে দলীয়-সমর্থিত প্রার্থীর সমর্থকেরা প্রাণনাশের চেষ্টা চালিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। আজ শনিবার বিকেল চারটার দিকে বিদ্রোহী প্রার্থী ও জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক নুরে আলম সিদ্দিকী এ অভিযোগ করেন।
নুরে আলম সিদ্দিকী জানান, বাংলাদেশ হাট এলাকায় নির্বাচনী প্রচারণা চালিয়ে মাইক্রোবাসে কালুখালী উপজেলায় ফিরছিলেন তিনি। পথে রাজবাড়ী-কুষ্টিয়া সড়কের গুচ্ছগ্রামের কাছে পৌঁছালে গাছের গুঁড়ি ফেলে তাঁর গতিরোধের চেষ্টা করা হয়। কৌশলে সেখান থেকে চলে এলে চারটি মোটরসাইকেলে ১০-১২ জন অস্ত্রধারী দুর্বৃত্ত তাঁদের ব্যবহূত মাইক্রোবাসটিকে ধাওয়া করে। এ সময় তাঁরা কালুখালী উপজেলা শহরের আওয়ামী লীগের নেতা আলিউজ্জামান চৌধুরী ওরফে টিটো চৌধুরীর বাড়িতে আশ্রয় নেন। এ সময় দুর্বৃত্তরা বাড়ির সামনে অবস্থান নিলে থানা পুলিশকে অবহিত করা হয়।
এ ব্যাপারে কালুখালী থানার উপপরিদর্শক (এসআই) অপূর্ব কুমার দাস অভিযোগের সত্যতা স্বীকার করেন। তিনি বলেন, অভিযোগ পাওয়ার পর অভিযান চালানো হয়। কিন্তু অস্ত্রধারী কাউকে পাওয়া যায়নি।
সম্প্রতি গান্ধিমারা বাজারে নুরে আলম সিদ্দিকীর নির্বাচনী কার্যালয়ে দুবার ভাঙচুর চালান আওয়ামী লীগ-সমর্থিত চেয়ারম্যান পদপ্রার্থী সাইফুল ইসলামের সমর্থকেরা। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়।