টাঙ্গাইল জেলা বিএনপির কার্যালয়ে গত শুক্রবার ভাঙচুরের ঘটনায় মামলা হয়েছে। আজ রোববার দলটির বিদ্রোহী পক্ষের ১৫ জন নেতা-কর্মীসহ অজ্ঞাতনামা ৩০-৩৫ জনের বিরুদ্ধে আদালতে মামলাটি করেছেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক ফরহাদ ইকবাল। আদালতের বিচারক মামলাটি গ্রহণ করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্তের নির্দেশ দিয়েছেন।
মামলার আসামিদের কয়েকজন হলেন বিএনপির জেলা কমিটির বহিষ্কৃত সহসভাপতি আলী ইমাম ও হাসানুজ্জামিল শাহীন, সাবেক যুগ্ম সম্পাদক কাজী শফিকুর রহমান, বহিষ্কৃত যুগ্ম সম্পাদক খন্দকাল আহমেদুল হক, ছাত্রদল নেতা তারেকুল ইসলাম ঝলক এবং তৌহিদুল ইসলাম, যুবদলের সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম স্বপন, সরকারি সা’দত কলেজের সাবেক জিএস সৈয়দ আবদুল মান্নান বাবুল, সাবেক পৌর কমিশনার মোমিনুল হক খান প্রমুখ।
মামলায় আসামিদের বিরুদ্ধে বিএনপির কার্যালয় ভাঙচুর, কার্যালয়ে থাকা অর্থ, মাইক এবং রাউটার চুরির অভিযোগ আনা হয়েছে। বাদী জেলা বিএনপির সাধারণ সম্পাদক ফরহাদ ইকবাল জানান, ঘটনার দিনই তাঁরা থানায় মামলা করতে গিয়েছিলেন। কিন্তু থানা কর্তৃপক্ষ মামলা না নেওয়ায় তিনি আদালতে মামলা করেছেন।
গত ২৬ মে কেন্দ্র থেকে জেলা বিএনপির ৩০ সদস্যের কমিটি ঘোষণা করা হয়। এতে শামসুল আলমকে সভাপতি এবং ফরহাদ ইকবালকে সাধারণ সম্পাদক করা হয়। সভাপতি শামসুল আলম আগের কমিটির সাধারণ সম্পাদক ছিলেন। তিনি ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় কারাবন্দী সাবেক উপমন্ত্রী আবদুস সালাম পিন্টু এবং যুবদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকুর ভাই। বিদ্রোহীদের অভিযোগ, সভাপতি-সাধারণ সম্পাদকসহ বেশির ভাগ পদেই সালাম পিন্টু পরিবারের অনুসারীদের বসানো হয়েছে।
সালাম পিন্টু পরিবারবিরোধীরা কমিটি বাতিলের দাবিতে আন্দোলন শুরু করে। এ নিয়ে একাধিকবার সংঘর্ষের ঘটনা ঘটে। জেলা বিএনপি দুভাগে বিভক্ত হয়ে বিভিন্ন কর্মসূচি পালন করছে।