বিদ্রোহী প্রার্থী: তাঁরা আছেন, তাঁরা নেই!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ১২ নম্বর ওয়ার্ডে সব দলেই বিদ্রোহী প্রার্থী রয়েছেন। এই ওয়ার্ডে আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী ছাড়াও দুজন, বিএনপি থেকে মোট তিনজন এবং জাতীয় পার্টি থেকে দুজন নির্বাচন করছেন। তবে দল-সমর্থিত প্রার্থীরা বলছেন, বিদ্রোহী প্রার্থীরা নির্বাচন থেকে সরে গিয়ে তাঁদের সঙ্গে একাত্মতা ঘোষণা করেছেন। কিন্তু ওই প্রার্থীদের পোস্টার এখনো শোভা পাচ্ছে এবং প্রকাশ্যে নির্বাচন না করার কোনো ঘোষণাও তাঁরা দেননি। এ নিয়ে তৈরি হয়েছে বিড়ম্বনা।
শান্তিবাগ, গুলবাগ, বকসিবাগ, মালিবাগ বাজার রোড ও ইন্দ্রপুরী এলাকা নিয়ে গঠিত ১২ নম্বর ওয়ার্ড। গত রোববার এলাকায় গিয়ে জানা যায়, ওয়ার্ডে আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী মতিঝিল থানা আওয়ামী লীগের সভাপতি গোলাম আশরাফ তালুকদার। তাঁর বিদ্রোহী প্রার্থী ওয়ার্ড নেতা শেখ সেকান্দার আলী, আবদুল মুকিত হাওলাদার ও স্বেচ্ছাসেবক লীগ নেতা দিপন আলী খান।
গোলাম আশরাফ তালুকদার বলেন, গত রোববার নাগাদ সব প্রার্থীই সরাসরি নেমে দিয়ে তাঁকে সমর্থন দিয়েছেন। কিন্তু এলাকায় তাঁদের পোস্টার দেখা যাচ্ছে। তা ছাড়া ভোটারদের অনেকেই বলেছেন, ওই প্রার্থীরাও নির্বাচন করছেন। বিএনপির তিনজন প্রার্থী নির্বাচন করছেন। এঁদের মধ্যে ফজলে রুবাইয়াত ওরফে পাপ্পুকে দল থেকে সমর্থন দেওয়া হয়েছে। তিনি ওয়ার্ড বিএনপির আহ্বায়ক। বাকিরা হলেন স্থানীয় বিএনপি নেতা আবুল মনসুর ও সাইফুল কবির।
জাতীয় পার্টি মনোনয়ন দেয় শেখ নিয়ামত উল্লাহ ওরফে নবুকে। অপর প্রার্থী হচ্ছেন শেখ সারোয়ার।
আবদুর রহমান নামে গুলবাগ এলাকার একজন ভোটার বলেন, রোববারও বিভিন্ন দলের বিদ্রোহী প্রার্থীরা তাঁদের কাছে ভোট চেয়েছেন। বিএনপির একজন প্রার্থী বলেছেন গুজবে কান না দিতে।
এ বিষয়ে ফজলে রুবাইয়াত ওরফে পাপ্পু বলেন, বিদ্রোহী প্রার্থীরা ১০০ জন কর্মীর সামনে দাঁড়িয়ে তাঁকে সমর্থন দেবেন বলেছেন। জানতে চাইলে নাম প্রকাশ না করার অনুরোধ জানিয়ে বিএনপির একজন প্রার্থী বলেন, এখনো কিছু ঠিক নেই। এলাকাবাসী তাঁকে চান।
দল-সমর্থিত প্রার্থীরা বলছেন, বিদ্রোহীরা নির্বাচনের মাঠ ছেড়ে তাঁদের সমর্থন দিচ্ছেন। অথচ বিদ্রোহী প্রার্থীরা সে রকম বলছেন না। অর্থাৎ তাঁরাও নির্বাচনে আছেন।
উল্টো গল্প: সিটি করপোরেশনের চলমান নির্বাচনী প্রচারণায় নানা জায়গায় যেখানে বিএনপি-সমর্থিত প্রার্থীরা আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থীদের বিরুদ্ধে নির্বাচনী প্রচারকাজে বাধা দেওয়ার অভিযোগ আনছেন, সেখানে এই ওয়ার্ডে ঘটছে উল্টো ঘটনা। এই ওয়ার্ডে বিএনপির মূল প্রার্থী পাপ্পু সরকারি দল-সমর্থিত প্রার্থীর বিরুদ্ধে প্রচারণায় বাধা দেওয়া বা অন্য কোনো অভিযোগ আনেননি। প্রথম আলোকে পাপ্পু বলেছেন, আওয়ামী লীগ প্রার্থী তাঁর প্রচারণাসহ কোনো কাজে বাধা দিচ্ছেন না। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাঁর লোকজনকে কাজে মাঝেমধ্যেই বাধা দিচ্ছে।
অন্যদিকে আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী গোলাম আশরাফ তালুকদার বিএনপির একাধিক প্রার্থীর বিরুদ্ধে তাঁর প্রচারণায় বাধা দেওয়ার অভিযোগ এনেছেন। তিনি বলেন, তাঁর নির্বাচনী এলাকায় বিএনপির অপর প্রার্থীরা সমস্যা করছেন। মাদকাসক্ত ও সন্ত্রাসীরা বিএনপির ভেতরে ঢুকে তাঁর বিরুদ্ধে অবস্থান নিয়েছে। তবে পাপ্পু সম্পর্কে তিনি বলেন, ‘ছেলেটা ভালো, আমার দোয়া চেয়েছে।’
সবাই প্রতিশ্রুতি দিচ্ছেন: ওয়ার্ডের গুলবাগ, শান্তিবাগসহ বেশির ভাগ এলাকায় পয়োলাইন নেই। ড্রেনেজ লাইনও অপর্যাপ্ত। তা ছাড়া গুলবাগের তুলনায় শান্তিবাগ নিচু হওয়ায় বৃষ্টি হলেই এলাকা তলিয়ে যায়। ওয়ার্ডের ভেতরে ও কাছাকাছি এলাকায় পাঁচটি পানির পাম্প থাকলেও এলাকায় পানির সংকট রয়েছে। কারণ এসব পাম্পের গভীর নলকূপগুলো পুরোনো হয়ে গেছে। দীর্ঘদিন ধরে এগুলো প্রতিস্থাপন করা হয়নি।
পুরো ওয়ার্ডে কোনো কমিউনিটি সেন্টার নেই। স্বাস্থ্যকেন্দ্র নেই। রাস্তাঘাট সরু। বড় করার জন্য কোনো উদ্যোগ আজ পর্যন্ত নেওয়া হয়নি।
আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী গোলাম আশরাফ তালুকদার গতকাল সকালে মালিবাগ বাজার রোড ও আশপাশে এবং বিকেলে গুলবাগ এলাকায় গণসংযোগ করেন। এ সময় এলাকাবাসী তাঁর কাছে এসব বিষয় তুলে ধরেন। তিনি প্রতিশ্রুতি দেন, নির্বাচিত হলে এলাকাবাসীকে নিয়ে সমস্যাগুলো সমাধানের জোর চেষ্টা চালাবেন। বিএনপির প্রার্থী পাপ্পু, জাতীয় পার্টির প্রার্থী শেখ নিয়ামত উল্লাহও গতকাল বিকেলে গণসংযোগ করতে গিয়ে এসব সমস্যার বিষয়ে প্রশ্নের মুখে পড়েন। তাঁরাও নির্বাচিত হলে প্রতিকারের প্রতিশ্রুতি দেন। গণসংযোগকালে সব প্রার্থীই এলাকাবাসীকে প্রকৃত সেবাদান করবেন বলে জানান।
এদিকে গত শনিবার মাঝরাতের ঝড়ে এলাকার প্রায় সব পোস্টার ছিঁড়ে যায়। রোববার বিকেল পর্যন্ত বেশির ভাগ প্রার্থীর পোস্টারের পরিবর্তে দড়ি ঝুলতে দেখা যায়। তবে প্রার্থীরা গতকাল নতুন করে কিছু পোস্টার লাগিয়েছেন। এ বিষয়ে আওয়ামী লীগ প্রার্থী গোলাম আশরাফ তালুকদার বলেন, ঝড়ের আগে এক-তৃতীয়াংশ পোস্টার লাগানো হয়েছিল। এখন বাকিটা লাগাচ্ছেন।