প্রার্থীদের মধ্যে অসহিষ্ণুতা এবং একই দলে বিদ্রোহী প্রার্থী থাকায় ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে কোথাও কোথাও সহিংসতা হয়েছে বলে জানিয়েছেন সংসদ কাজে নির্বাচন কমিশন সচিবালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী আনিসুল হক। আজ সোমবার সংসদে এক প্রশ্নের জবাবে মন্ত্রী এ তথ্য জানান।
স্বতন্ত্র সাংসদ রুস্তম আলী ফরাজীর এ-সম্পর্কিত প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ইউপি নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে অসহিষ্ণুতা, একই দলে বিদ্রোহী প্রার্থী থাকা ইত্যাদি কারণে কোথাও কোথাও বিচ্ছিন্নভাবে কিছু সহিংসতার ঘটনা ঘটেছে। তিনি জানান, এবারের নির্বাচনে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণের জন্য প্রতিটি উপজেলায় ভোট গ্রহণের আগে-পরে চার দিন তিনজন নির্বাহী হাকিম ও একজন বিচারিক হাকিমের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়েছে। প্রতিটি সাধারণ কেন্দ্রে ২০ জন এবং গুরুত্বপূর্ণ কেন্দ্রে ২১ জন সশস্ত্র ও লাঠিধারী আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন ছিল।
নির্বাচনে নারী ও সংখ্যালঘুরা যাতে নির্বিঘ্নে ভোট দিতে পারেন, এ জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সুনির্দিষ্ট নির্দেশ দেওয়া হয়েছিল। তৃতীয় ধাপের নির্বাচনের আগে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রধানদের সঙ্গে দ্বিতীয় দফা বৈঠক করে অধিকতর সতর্কতার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ দেওয়া হয়।
ছয় ধাপে অনুষ্ঠিত এবারের ইউপি নির্বাচনে সহিংসতায় শতাধিক লোক নিহত ও কয়েক হাজার আহত হন। উল্লেখযোগ্যসংখ্যক ইউপিতে চেয়ারম্যান পদে ক্ষমতাসীন আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ছিল। নিহত ব্যক্তিদের বেশির ভাগই আওয়ামী লীগের সমর্থক।
সরকারি দলের এম আবদুল্লাহর প্রশ্নের জবাবে আনিসুল হক বলেন, জাতীয় পরিচয় নিবন্ধন বিভাগে অনেকে নিজের নাম, পিতা ও মাতার নাম সম্পূর্ণ পরিবর্তন এবং নিজের বয়স ১০ থেকে ৩০ বছর পরিবর্তন করার আবেদন করেন। এসব কাজে প্রয়োজনীয় দলিলপত্রের প্রয়োজন হয়। অনেক ক্ষেত্রে সরেজমিনে তদন্ত করতে হয়। অনেকে অসৎ উদ্দেশ্য হাসিল করতে, অর্থাৎ অন্যের জমি কেনা-বেচা করতে, ভুয়া নামে ব্যাংক হিসাব খুলতে, ভুয়া পাসপোর্ট তৈরি করতে, মোবাইল ফোনের সিম কিনতে এবং ফৌজদারি মামলা থেকে রেহাই পেতে জাতীয় পরিচয়পত্রের প্রকৃত তথ্য পরিবর্তন করতে চান। এসব কারণে কমিশনকে সতর্কতার সঙ্গে কাজ করতে হয় এবং আবেদনকারীদের সেবা দিতে কিছুটা বিলম্ব হয়।
সরকারি দলের দিদারুল আলমের প্রশ্নের জবাবে সংসদ কাজে প্রধানমন্ত্রীর কার্যালয়ের দায়িত্ব পাওয়া মন্ত্রী মতিয়া চৌধুরী বলেন, ২০১৪-১৫ অর্থবছরে বিনিয়োগ বোর্ডে নিবন্ধন করা অর্থের মধ্যে স্থানীয়, যৌথ ও শতভাগ বিদেশি বিনিয়োগ হয়েছে ১ হাজার ২৭২ কোটি ডলার (১২ দশমিক ৭২ বিলিয়ন) মার্কিন ডলার। তার আগের অর্থবছরে বিনিয়োগ হয়েছিল ৮৭৮ কোটি মার্কিন ডলার। বিনিয়োগ বেড়েছে ৪৫ দশমিক ৪৬ শতাংশ।
মামুনুর রশীদ কিরণের প্রশ্নের জবাবে মতিয়া চৌধুরী বলেন, বর্তমানে দেশে ৭৬৫টি দেশি এবং ১৫৫টি বিদেশি এনজিওর কার্যক্রম চলমান আছে।
প্রশ্নোত্তরের আগে বেলা সোয়া ১১টার দিকে ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়ার সভাপতিত্বে সংসদের অধিবেশন শুরু হয়। প্রশ্নোত্তর টেবিলে উত্থাপিত হয়।