বিদ্রোহী প্রার্থী দলীয় আর দলীয় প্রার্থী এবার বিদ্রোহী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার ধুনটে পৌরসভা নির্বাচনে মেয়র পদে গতবারের বিদ্রোহী প্রার্থী শরিফুল ইসলাম খানকে এবার আওয়ামী লীগের দলীয় মনোনয়ন দেওয়া হয়েছে। এদিকে গতবারের দল-সমর্থিত প্রার্থী বর্তমান মেয়র এ জি এম বাদশা দলীয় মনোনয়ন না পেয়ে বিদ্রোহী প্রার্থী হয়েছেন। আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হিসেবে আল আমিন তরফদারও নির্বাচনী মাঠে রয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, আসন্ন ধুনট পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন নিতে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান টি আই এম নুরুন্নবী তারিক, সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম খান, সদস্য ও বর্তমান মেয়র এ জি এম বাদশা, পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আল আমিন তরফদার ও উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক বনি আমিন মিন্টু—পাঁচজন প্রার্থী বগুড়া জেলা আওয়ামী লীগের কাছে আবেদন করেন। বগুড়া জেলা আওয়ামী লীগ উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম খানকে মনোনয়ন দিয়েছে।
বর্তমান মেয়র এ জি এম বাদশা বলেন, ‘দল থেকে আমাকে মনোনয়ন না দেওয়ায় এলাকার জনগণ ক্ষুব্ধ হয়েছে। তাই তাদের ভালোবাসার দাবিতে দল থেকে পদত্যাগ করে মনোনয়নপত্র দাখিল করেছি।’
আল আমিন তরফদার বলেন, ‘আওয়ামী লীগ আমাকে মনোনয়ন না দিলেও জনগণ মনোনয়ন দিয়েছেন।’
শরিফুল ইসলাম বলেন, ‘এখানে বিএনপির চেয়ে আওয়ামী লীগের ভোটার অনেক বেশি। তাই কোনো বিদ্রোহী প্রার্থী নৌকা প্রতীকের বিজয় ঠেকাতে পারবে না।’