বিদ্রোহী প্রার্থী নিয়ে আ.লীগে টানাপোড়েন, দুজনেরপদত্যাগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জ-৪ (অষ্টগ্রাম-ইটনা-মিঠামইন) আসনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী থাকায় প্রচার-প্রচারণায় বিভক্ত হয়ে পড়েছেন দলের স্থানীয় নেতা-কর্মীরা। দলের ভেতরে শুরু হয়েছে টানাপোড়েন। নির্বাচনকে কেন্দ্র করে ইতিমধ্যে দুজন নেতা দল থেকে পদত্যাগ করেছেন।

পদত্যাগকারী দুই নেতা হলেন অষ্টগ্রাম উপজেলা শ্রমিক লীগের সভাপতি জুল জালাল খান ও কিশোরগঞ্জ আওয়ামী আইনজীবী পরিষদের সভাপতি ও জেলা কমিটির সদস্য সৈয়দ মো. শাহজাহান। শাহজাহান মহিতুলের প্রধান নির্বাচনী সমন্বয়ক।

সাতবারের নির্বাচিত সাংসদ সাবেক স্পিকার আবদুল হামিদ রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার পর এ আসন শূন্য হয়। উপনির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে রাজনীতিতে নবাগত রাষ্ট্রপতির ছেলে রেজওয়ান আহাম্মদকে মনোনয়ন দেওয়া হয়েছে। দলীয় সিদ্ধান্ত অমান্য করে দীর্ঘদিনের পরিবারতন্ত্র ও আঞ্চলিকতার দোষে দুষ্ট নেতৃত্ব পরিবর্তনের গণদাবির কথা বলে প্রার্থী হন অষ্টগ্রাম উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক সৈয়দ মহিতুল ইসলাম। বিরোধী দল বা অন্য কোনো দল থেকে এ আসনে আর কোনো প্রার্থী নেই।

 সংশ্লিষ্ট সূত্র জানায়, ৯ জুন মনোনয়নপত্র বাছাইকালে তথ্যে গরমিল থাকায় রিটার্নিং কর্মকর্তা বিদ্রোহী প্রার্থী মহিতুল ইসলামের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেন। পরে ঢাকার নির্বাচন কমিশন সচিবালয়ে আপিলের মাধ্যমে প্রার্থিতা ফিরে পান তিনি। ফুটবল প্রতীক নিয়ে নির্বাচনী লড়াইয়ে মাঠে নামেন মহিতুল।

আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা শুরুর পর বিশেষ করে অষ্টগ্রাম উপজেলা আওয়ামী লীগ এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের অনেক নেতা-কর্মী সৈয়দ মহিতুলের পক্ষে নির্বাচনী প্রচারণায় নামেন। তাঁর পক্ষে নির্বাচনী প্রচারণায় অংশ নেওয়া নেতা-কর্মীরা অভিযোগ করেন, ১৯৭০ সাল থেকে প্রতিটি নির্বাচনেই তাঁরা বর্তমান রাষ্ট্রপতির পক্ষে নির্বাচন করে আসছেন। কিন্তু বিদ্যুৎ, স্বাস্থ্য ও যোগাযোগ-সমস্যায় জর্জরিত দুর্গম হাওর উপজেলা অষ্টগ্রামে উন্নয়নের কোনো ছোঁয়া লাগেনি। তাই আসন্ন নির্বাচনে তাঁরা নিজেদের এলাকার প্রার্থীকে জয়ী করে এলাকার উন্নয়ন ঘটাতে চান।

বিদ্রোহী প্রার্থী সৈয়দ মহিতুলের সমর্থকেরা অভিযোগ করেন, কেবল উত্তরাধিকারের রাজনীতির ধারাবাহিকতা বজায় রাখতে রাজনীতিতে নবাগত রাষ্ট্রপতির ছেলেকে উপনির্বাচনের প্রার্থী করা হয়েছে। সৈয়দ মহিতুল ছাত্রলীগ থেকে রাজনীতি শুরু করেছেন। দীর্ঘদিন ধরে তিনি আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত। তার পরও মনোনয়ন দেওয়ার ক্ষেত্রে দলের পক্ষ থেকে তাঁকে মূল্যায়ন করা হয়নি। শুধু তা-ই নয়, মনোনয়নপত্র কেনার সময় সৈয়দ মহিতুলকে দল থেকে বাধা দেওয়া হয়।

অষ্টগ্রাম উপজেলা শ্রমিক লীগের পদত্যাগী সভাপতি জুল জালাল খান বলেন, রেজওয়ান কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব নন, কখনো রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন না। মহিতুল দীর্ঘদিন ছাত্রলীগের সঙ্গে সম্পৃক্ত ছিলেন। উপজেলার সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গিয়াস উদ্দিন মাস্টার বলেন, আওয়ামী লীগ রেজওয়ানকে মনোনয়ন দিয়ে ভুল করেছে।

কিশোরগঞ্জ আওয়ামী আইনজীবী পরিষদের পদত্যাগী সভাপতি সৈয়দ মো. শাহজাহান বলেন, মহিতুল দীর্ঘদিন ধরে রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। তার পরও দলীয়ভাবে তাঁর নাম বিবেচনা করা হয়নি। তাঁকে দলীয় মনোনয়নপত্র কেনার সময় বাধা দেওয়া হয়েছে।

মহিতুল বলেন, ‘আমাকে দলীয় মনোনয়নপত্র কিনতে দেওয়া হয়নি। তাই জনগণের ইচ্ছা ও আকাঙ্ক্ষার প্রতি সম্মান রেখে আমি নির্বাচনে প্রার্থী হয়েছি।’

আওয়ামী লীগ-মনোনীত প্রার্থী রেজওয়ান আহাম্মদ স্বতন্ত্র প্রার্থীর পক্ষে যেসব নেতা-কর্মী কাজ করছেন, তাঁদের ব্যাপারে কিছু বলতে অস্বীকৃতি জানান। তিনি শুধু বলেন, দু-একজন নেতা পদত্যাগ বা বিদ্রোহী প্রার্থীর কারণে নির্বাচনে বড় ধরনের কোনো প্রভাব পড়বে না। দলের খুব বেশি নেতা-কর্মী মহিতুলের সঙ্গে নেই।

এদিকে বিদ্রোহী প্রার্থী মহিতুলের বিরুদ্ধে দলীয়ভাবে কোনো ব্যবস্থা না নেওয়ায় স্বতন্ত্র প্রার্থী হলেও উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক হিসেবেই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন তিনি। অষ্টগ্রাম উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও মহিতুলের মামা শহিদুল ইসলাম বলেন, দলীয়ভাবে আওয়ামী লীগের প্রার্থী হচ্ছেন রেজওয়ান। দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে সম্প্রতি উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় সৈয়দ মহিতুলকে বহিষ্কারের সুপারিশ করে জেলা কমিটিতে পাঠানো হয়েছে।

দলের জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এম এ  আফজল বলেন, ‘গঠনতন্ত্র অনুযায়ী মহিতুলকে বহিষ্কার করার ক্ষমতা জেলা আওয়ামী লীগের নেই। আমরা তাঁকে বহিষ্কারের জন্য কেন্দ্রীয় কমিটির কাছে সুপারিশ করেছি।’