বিদ্রোহী প্রার্থী নিয়ে বিপাকে আওয়ামী লীগ ও বিএনপি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নেত্রকোনার বারহাট্টা উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ ও বিএনপির একাধিক ‘বিদ্রোহী’ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। কেন্দ্রের নির্দেশ অমান্য করে তাঁরা এখনো লড়াইয়ে আছেন। এতে দুটি দলই বিপাকে পড়েছে।
দলীয় ও এলাকাবাসী সূত্র জানায়, উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় দফায় ২৭ ফেব্রুয়ারি বারহাট্টায় ভোট গ্রহণ হবে। ১১ ফেব্রুয়ারি মঙ্গলবার প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ছিল। উভয় দলে একক প্রার্থী দেওয়ার কঠোর নির্দেশ থাকলেও শেষ পর্যন্ত আওয়ামী লীগের তিনজন এবং বিএনপির দুজন প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ উপজেলায় আওয়ামী লীগের তৃণমূলের ভোটে নির্বাচিত প্রার্থী হলেন উপজেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়াবিষয়ক সম্পাদক মাইনুল হক (দোয়াত-কলম)। ৭ ফেব্রুয়ারি বারহাট্টা বালিকা উচ্চবিদ্যালয়ে তৃণমূলের ভোটে একক প্রার্থী মনোনীত করা হয়। এ দলের বিদ্রোহী প্রার্থী জালাল উদ্দিন তালুকদার (মোটরসাইকেল) ও সদ্য সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান খায়রুল কবীর (চিংড়ি মাছ)।
মাইনুল হক বলেন, ‘তৃণমূলের ভোটের সময় কথা ছিল, ভোটে যিনি হারবেন, তিনিই প্রার্থিতা প্রত্যাহার করবেন। কিন্তু ওই দুই প্রার্থী তা করেননি। দলও এখন পর্যন্ত তাঁদের বিরুদ্ধে কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেয়নি।’ খায়রুল কবীর বলেন, ‘যে কমিটির মাধ্যমে তৃণমূলের ভোট নেওয়া হয়েছে, তা ১৫ বছর আগের পকেট কমিটি। এ কমিটির প্রতি আওয়ামী লীগের ভোটারদের আস্থা নেই। সে জন্য আমি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছি।’
জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মাজহারুল ইসলাম বলেন, দলের সিদ্ধান্তের বাইরে যাঁরা নির্বাচনে অংশ নিচ্ছেন, তাঁদের কথা কেন্দ্রীয় কমিটিকে জানানো হচ্ছে। তাঁদের ব্যাপারে কেন্দ্র থেকেই ব্যবস্থা নেওয়া হবে।
অপর দিকে, দীর্ঘদিন ধরে বারহাট্টায় বিএনপিতে কোন্দল চলে আসছে। তাই এ দলেও বিদ্রোহী প্রার্থী আছেন। এখানে বিএনপি-সমর্থিত প্রার্থী মানিক আজাদ (ঘোড়া) ও দলটির বিদ্রোহী প্রার্থী সোলায়মান হোসেন (আনারস)।
বারহাট্টা উপজেলা বিএনপির সভাপতি রহমত আলী বলেন, সোলায়মান ছাত্রদলের নেতা। তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেবে সংশ্লিষ্ট সংগঠন।
জেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু তাহের তালুকদার বলেন, জেলা কমিটি ইতিমধ্যে বিদ্রোহীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে শুরু করেছে।