কক্সবাজারের চকরিয়া উপজেলা পরিষদ নির্বাচনে দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে চেয়ারম্যান পদে নির্বাচন করায় মাতামুহুরী সাংগঠনিক থানা আওয়ামী লীগের সভাপতি সিরাজুল ইসলাম চৌধুরী ওরফে বাবলাকে বহিষ্কার করা হয়েছে।
এ উপজেলায় আওয়ামী লীগের সমর্থন নিয়ে নির্বাচন করছেন চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাফর আলম।
কক্সবাজার জেলা আওয়ামী লীগের সভাপতি এ কে আহমদ হোছাইন বলেন, দল-সমর্থিত প্রার্থীর বিজয় বাধাগ্রস্ত করতে বাবলা প্রার্থী হয়েছেন। তাই নেত্রীর (শেখ হাসিনা) নির্দেশনার আলোকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে তাঁকে বহিষ্কার করা হয়েছে।
মুঠোফোনে সিরাজুল ইসলাম চৌধুরী বাবলা বলেন, ‘বহিষ্কারসংক্রান্ত কোনো চিঠি আমি পাইনি।’
তিনি আরও বলেন, ‘কেন্দ্রীয় আওয়ামী লীগ ১২ ফেব্রুয়ারি সিদ্ধান্ত নিয়েছে, উপজেলা পরিষদ নির্বাচন যেহেতু স্থানীয় সরকার নির্বাচন, সেহেতু কাউকে বহিষ্কার করা হবে না। এ ছাড়া জেলা আওয়ামী লীগ আমাকে বহিষ্কার করতে পারে না। তারা শুধু কেন্দ্রীয় কমিটির কাছে সুপারিশ করতে পারে।’