বিদ্রোহী প্রার্থী সামলাতে আওয়ামী লীগের বৈঠক আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উপজেলা নির্বাচনে বিদ্রোহী প্রার্থী নিয়ন্ত্রণ ও সাংগঠনিক বিষয়ে করণীয় সম্পর্কে আলোচনার জন্য আজ বুধবার সন্ধ্যায় গণভবনে জরুরি বৈঠক ডেকেছে আওয়ামী লীগ।
দলীয় সূত্রে জানা গেছে, উপজেলা নির্বাচনে প্রার্থী বাছাই প্রক্রিয়া দেখভালের ব্যাপারে সাত বিভাগের জন্য কেন্দ্রীয়ভাবে গঠিত সাতটি দল আজকের বৈঠকে নিজ নিজ বিভাগের প্রতিবেদন উপস্থাপন করবে। বিদ্রোহী প্রার্থী নিয়ন্ত্রণে সংশ্লিষ্ট দলগুলোর সফলতা-ব্যর্থতা এবং যেসব উপজেলায় এখনো বিদ্রোহী প্রার্থী আছেন, তাঁদের কীভাবে নিয়ন্ত্রণ করা যায়, তা নিয়েও আলোচনা হতে পারে।
আওয়ামী লীগের নেতারা জানান, উপজেলা নির্বাচনকে তাঁরা গুরুত্বের সঙ্গে নিয়েছেন। বিশেষ করে বিরোধী দল বিএনপি এ নির্বাচনে অংশ নেওয়ায় দল-সমর্থিত একক প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। স্থানীয় সরকারের এই গুরুত্বপূর্ণ স্তরে দলটি নিয়ন্ত্রণ হারাতে চায় না।
আওয়ামী লীগের সর্বশেষ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের বৈঠকে উপজেলা নির্বাচনে চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদে একক প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত হয়। পরবর্তী সময়ে দলীয় সভানেত্রী শেখ হাসিনা ও সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম পৃথক চিঠি দিয়ে জেলা ও উপজেলা কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদককে তৃণমূলের মতামতের ভিত্তিতে প্রার্থী বাছাই করার নির্দেশ দেন। এ ছাড়া তৃণমূলের প্রার্থী বাছাই প্রক্রিয়া দেখভালের জন্য জ্যেষ্ঠ নেতাদের নেতৃত্বে কেন্দ্রীয়ভাবে সাত বিভাগের জন্য সাতটি দল করে দেওয়া হয়।
এত উদ্যোগ সত্ত্বেও উপজেলা নির্বাচনে একক প্রার্থী দিতে ব্যর্থ হয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। প্রথম পর্যায়ে হতে যাওয়া ৯৭টি উপজেলার মধ্যে ৫৩টিই বিদ্রোহী প্রার্থী আছেন। দলীয় নেতারা জানান, বিদ্রোহী প্রার্থী নিয়ন্ত্রণে তাঁদের রীতিমতো হিমশিম খেতে হচ্ছে।
নাম প্রকাশ না করার শর্তে আওয়ামী লীগের একজন সাংগঠনিক সম্পাদক প্রথম আলোকে বলেন, বিদ্রোহীদের বহিষ্কারের হুমকি দিয়েও বসানো যাচ্ছে না। তাঁরা এই বলে পাল্টা জবাব দেন যে বহিষ্কার হলে অন্তত মানুষ জানবে যে তাঁরা আওয়ামী লীগ করেন।
আওয়ামী লীগের কেন্দ্রীয় পর্যায়ে কথা বলে জানা যায়, আজকের এ বৈঠকে একুশে ফেব্রুয়ারি ও ৭ মার্চের দলীয় কর্মসূচি ঠিক করা হবে। এ ছাড়া সাংগঠনিক বিষয়েও আলোচনা হতে পারে। কেন্দ্রীয়ভাবে তাগিদ দেওয়ার পরও অনেক জেলা-উপজেলায় দীর্ঘদিন ধরে সম্মেলন হচ্ছে না। ঢাকা মহানগরের ওয়ার্ড ও থানা কমিটির সম্মেলনও হয়নি। এসব জেলা-উপজেলায় সম্মেলন দ্রুত শেষ করার উপায় নিয়েও আলোচনার সম্ভাবনা রয়েছে।