রাজশাহীর পুঠিয়া পৌরসভা নির্বাচনে মেয়র পদে দলের বিদ্রোহী প্রার্থীর প্রতি আনুষ্ঠানিক সমর্থন ঘোষণা করেছে পৌর আওয়ামী লীগ। একই সঙ্গে তাঁরা দলীয় প্রার্থী প্রত্যাহারের দাবি জানিয়েছেন। গতকাল শুক্রবার বিকেলে পৌর এলাকার পিএন উচ্চবিদ্যালয় সভাকক্ষে আয়োজিত এক সভায় পৌর আওয়ামী লীগ এ সিদ্ধান্ত নেয়।
পৌর আওয়ামী লীগের সভাপতি আবু বকর সিদ্দিকের সভাপতিত্বে এ সভা হয়। এতে বক্তব্য দেন থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল মালেক, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহরিয়ার রহিম কনক। এ ছাড়া পৌরসভার নয়টি ওয়ার্ডের মধ্যে আটটি ওয়ার্ডের সভাপতি এবং সাধারণ সম্পাদক উপস্থিত ছিলেন। জি এম হিরা বাচ্চুর পক্ষে কাজ করার জন্য সভা শেষে লিখিত সিদ্ধান্ত নেওয়া হয়। এতে উপস্থিত আওয়ামী লীগের নেতারা স্বাক্ষর করেন।
সভায় বক্তব্যে আবদুল মালেক বলেন, সাংসদ আবদুল ওয়াদুদের একক সিদ্ধান্তে রবিউল ইসলামকে দলের প্রার্থী ঘোষণা করা হয়েছে। তাঁর সঙ্গে তৃণমূলের কোনো নেতা-কর্মী নেই। দলীয় প্রার্থী রবিউল ইসলামের অবস্থা বেগতিক। তাঁকে প্রত্যাহার না করা পর্যন্ত তাঁদের আন্দোলন চলতে থাকবে। তাঁকে প্রত্যাহারের জন্য দলীয় কার্যালয়ে তালা লাগানো হয়েছে। প্রার্থিতা প্রত্যাহার না করা পর্যন্ত কার্যালয়ের তালা খোলা হবে না।
সভা শেষে আবু বকর সিদ্দিক প্রথম আলোকে জানান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাংসদ আবদুল ওয়াদুদ দেশের বাইরে আছেন। তবে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল মালেক ছিলেন। সভায় পৌরসভার নয়টি ওয়ার্ডের সভাপতি-সাধারণ সম্পাদকসহ উপস্থিত সবার সম্মতিক্রমে দলীয় প্রার্থীকে বর্জনের সিদ্ধান্ত নেওয়া হয়। লিখিত সিদ্ধান্ত জেলার নেতাদের কাছে পাঠানো হচ্ছে। তিনি বলেন, ‘গতকাল (শুক্রবার) সকালে রাজশাহী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ পুঠিয়ায় এসেছিলেন। তিনি বলে গেছেন, যারা দলীয় শৃঙ্খলা ভঙ্গ করবে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। জবাবে আমরা বলেছি, যদি ব্যবস্থা নিতে হয়, তবে পুঠিয়া উপজেলা, পৌরসভা, ইউনিয়ন—সব ইউনিটের বিরুদ্ধে একসঙ্গে ব্যবস্থা নিতে হবে।’
পুঠিয়া পৌর নির্বাচনে মেয়র পদে মোট ছয়জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে আওয়ামী লীগের প্রার্থী হিসাবে মনোনয়ন পেয়েছেন থানা যুবলীগের সভাপতি রবিউল ইসলাম। বিদ্রোহী প্রার্থী হয়েছেন জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি জি এম হিরা বাচ্চু। ২ ডিসেম্বর আওয়ামী লীগের নেতারা দলীয় কার্যালয়ে বৈঠক করে দলীয় প্রার্থীকে বর্জনের ঘোষণা দেন। এ সময় থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দলীয় কার্যালয়ে তালা লাগিয়ে দেন। তিনি বলেন, পৌরসভা নির্বাচনের পর ৩১ ডিসেম্বর এই তালা খোলা হবে। তার আগে যদি খোলা হয়, তাহলে এই কার্যালয় থেকে তাঁদের প্রার্থী জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি জিএম হিরা বাচ্চুর প্রচার-প্রচারণা চালানো হবে।
এই পৌরসভায় বিএনপির দলীয় প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন পৌর বিএনপর সাবেক সাধারণ সম্পাদক আসাদুল হক। বিদ্রোহী প্রার্থী হয়েছেন জাতীয়তাবাদী সাংস্কৃতিক সংস্থার পুঠিয়া থানার সাবেক সাধারণ সম্পাদক হাসিবুল ইসলাম। জাতীয় পার্টি থেকে প্রার্থী হয়েছেন সংগঠনের থানার সভাপতি এনামুল হক। ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের প্রার্থী রুহুল আমিন।